মুশফিকের প্রিয় ১৫ মুহূর্ত: প্রথম পর্ব
মুশফিকুর রহিমকে টেকনিক্যালি বাংলাদেশ ক্রিকেট দলের সেরা ব্যাটসম্যান বলা হয়। প্রায় ১৫ বছর আগে ২০০৫ সালের ২৬ মে ক্রিকেটের মক্কা হিসেবে খ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে তার অভিষেক হয়েছিল। আর কিছুদিন পরই মিস্টার ডিপেন্ডেবলের আন্তর্জাতিক ক্রিকেটে আগমনের ১৫ বছর পূর্ণ হবে।
করোনাভাইরাসের কারণে বর্তমানে নিজ বাড়িতেই অবস্থান করছেন মুশফিক। আন্তর্জাতিক ক্রিকেটে দেড় দশক পূর্তির এই সময়ে খেলা না থাকায় ভক্তদের সঙ্গে নিজের প্রিয় ১৫ মুহূর্ত ভাগাভাগি করবেন তিনি। মঙ্গলবার রাতে এ বিষয়ে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেন সাবেক টাইগার অধিনায়ক। সেখানেই মুশফিক ভক্তদের বলেন, ‘ঘরে বসে থাকায় আসুন স্মৃতি ফিরে দেখি। আগামী ১৫ দিনে আমি ক্যারিয়ারের সেরা ১৫টি মুহূর্ত ভাগ করে নেব।’
‘ফিফটিন ইয়ারস’ হ্যাশট্যাগে এই পোস্টেই নিজের প্রথম প্রিয় মুহূর্ত জানান মুশফিক। সেখানে চলতি বছর জিম্বাবুয়ের বিপক্ষে করা ডাবল সেঞ্চুরি উদযাপনের ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘কোভিড-১৯ এর কারণে ২০২০ সাল অনেক কঠিন। তবে জিম্বাবুয়ের বিপক্ষে এই বছর ২০০ করাটাই সেরা স্মৃতি। ইনশাআল্লাহ আমরা খুব শিগগিরই আবার মাঠে নামবো এবং এমন পারফরম্যান্সের পুনরাবৃত্তি করব।’
চলতি বছরের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে তৃতীয় ডাবল সেঞ্চুরি করেন মুশফিক। তার দুর্দান্ত ইনিংসে ভর করে ৬ উইকেট হারিয়ে ৫৬০ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে দুই ইনিংসে যথাক্রমে ২৬৫ ও ১৮৯ রানে অল আউট হয় জিম্বাবুয়ে। ফলে ম্যাচটি ইনিংস ও ১০৬ রানের বড় ব্যবধানে জেতে টাইগাররা। প্রিয় ১৫ মুহূর্তের সিরিজের শুরুতেই নিজের এই ইনিংস রেখেছেন মিস্টার ডিপেন্ডেবল।