মুশফিকের প্রিয় ১৫ মুহূর্ত: তৃতীয় পর্ব
টেকনিক্যালি বাংলাদেশ ক্রিকেট দলের সেরা ব্যাটসম্যান বলা হয় মুশফিকুর রহিমকে। প্রায় ১৫ বছর আগে ২০০৫ সালের ২৬ মে ক্রিকেটের মক্কা হিসেবে খ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে তার অভিষেক হয়েছিল। আর কিছুদিন পরই মিস্টার ডিপেন্ডেবলের আন্তর্জাতিক ক্রিকেটে আগমনের ১৫ বছর পূর্ণ হবে।
করোনাভাইরাসের কারণে বর্তমানে নিজ বাড়িতেই অবস্থান করছেন মুশফিক। আন্তর্জাতিক ক্যারিয়ারে দেড় দশক পূর্তির এই সময়ে খেলা না থাকায় ভক্তদের সঙ্গে নিজের প্রিয় ১৫ মুহূর্ত ভাগাভাগি করছেন তিনি। এ বিষয়ে গত মঙ্গলবার (১২ মে) রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেছিলেন সাবেক টাইগার অধিনায়ক। সেখানেই মুশফিক ভক্তদের বলেছিলেন, ‘ঘরে বসে থাকায় আসুন স্মৃতি ফিরে দেখি। আগামী ১৫ দিনে আমি ক্যারিয়ারের সেরা ১৫টি মুহূর্ত ভাগ করে নেব।’
‘ফিফটিন ইয়ারস’ হ্যাশট্যাগে বৃহস্পতিবার রাতে নিজের তৃতীয় প্রিয় মুহূর্ত জানান মুশফিক। সেখানে ২০১৮ সালের এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে খেলা দুর্দান্ত ইনিংসকে উল্লেখ করে তিনি লেখেন, '২০১৮ সালের এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে ম্যাচটি কখনো ভুলবো না। বিশেষ করে ইনিংসের শেষ দিকে তামিমের সঙ্গে পার্টনারশিপটা কখনোই ভোলার নয়।।
মিস্টার ডিপেন্ডেবল আরো লেখেন, 'এই ম্যাচ আমাকে যে কোনো পরিস্থিতিত কিভাবে দেশের জন্য যুদ্ধ করতে হয় তা শিখিয়েছে। আমার কাছে সবকিছুর আগে লাল-সবুজ জার্সি। ২০১৮ সালে এটাই আমার স্মরণীয় ম্যাচ।'
এশিয়া কাপের এই ম্যাচেই মুশফিক তার ওয়ানডে ক্যারিয়ারে এখন পর্যন্ত সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেছেন। ম্যাচটিতে লংকান বোলারদের তুলোধুনো করে অপরাজিত ১৪৪ রান করেন তিনি। এ ম্যাচেই আহত অবস্থায় খেলতে নেমে সাহসিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তামিম ইকবাল।