ঢাকা,  শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

[ স্পটলাইট ]

বাল্যবিবাহের ‘নতুন কৌশল’ নকল জন্মসনদ ও নোটারি পাবলিক

বায়েজীদ মুন্সী বায়েজীদ মুন্সী
প্রকাশিত: ১৭:৫৮, ২৭ নভেম্বর ২০২৬
বাল্যবিবাহের ‘নতুন কৌশল’ নকল জন্মসনদ ও নোটারি পাবলিক
প্রতীকী ছবি: এআই জেনারেটেড

মাদারীপুরের একটি মফস্বল শহরের অষ্টম শ্রেণির ছাত্রী শারমিন (ছদ্মনাম)। প্রকৃত জন্মতারিখ অনুযায়ী তার বয়স মাত্র ১৪ বছর। কিন্তু অভাব ও নিরাপত্তাহীনতার অজুহাতে তার পরিবার স্থানীয় এক দালালের মাধ্যমে জন্মসনদে বয়স চার বছর বাড়িয়ে ১৮ বছর করে নেয়। পরে একটি নোটারি পাবলিক কার্যালয় থেকে ‘স্বেচ্ছায় ও প্রাপ্তবয়স্ক হিসেবে’ বিয়ের একটি হলফনামা তৈরি করা হয়।

শারমিনের এক নিকটাত্মীয় নাম প্রকাশ না করার শর্তে জানান, কাজী অফিসে গেলে জন্মসনদ ও বয়স যাচাইয়ের ক্ষেত্রে কড়াকড়ি থাকে। তাই দালালের সহায়তায় দ্রুত বয়স বাড়িয়ে সনদ নেওয়া হয়। নোটারির কাগজ দেখিয়ে স্থানীয়ভাবে বিয়ের আয়োজন সম্পন্ন করা হয়, যাতে কেউ বাল্যবিবাহের অভিযোগ তুলতে না পারে।

বিয়ের ছয় মাসের মাথায় অন্তঃসত্ত্বা হয়ে পড়ে শারমিন। কিন্তু শারীরিক অপরিপক্বতা ও পারিবারিক চাপের কারণে সে এখন চরম মানসিক ও শারীরিক সংকটে দিন কাটাচ্ছে। কাগজে-কলমে তাকে ‘প্রাপ্তবয়স্ক’ দেখানো হলেও বাস্তবে সে এখনো একটি শিশু।

শুধু শারমিন নয়, দেশের বিভিন্ন স্থানে এমন ঘটনা ঘটছে। আইনের চোখে বিয়ের ন্যূনতম বয়স মেয়েদের ক্ষেত্রে ১৮ এবং ছেলেদের ক্ষেত্রে ২১ বছর নির্ধারিত থাকলেও বাস্তবে বাল্যবিবাহের চিত্র এখনো উদ্বেগজনক। বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ায় অভিভাবক ও কাজিরা বেছে নিচ্ছেন বিকল্প পথ।

কিশোরীর বয়স বাড়িয়ে দেখাতে ভুয়া জন্মসনদ তৈরি এবং নোটারি পাবলিকের মাধ্যমে ‘অবৈধ হলফনামা’ বা বিয়ের চুক্তিপত্র সম্পাদনের মতো নতুন কৌশল এখন সক্রিয় হয়ে উঠেছে। এতে একদিকে কাগজে-কলমে মেয়েটিকে প্রাপ্তবয়স্ক দেখিয়ে সামাজিক ও আইনি নজরদারি এড়ানো হচ্ছে, অন্যদিকে প্রতারণা, পারিবারিক সহিংসতা ও স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছে অপ্রাপ্তবয়স্ক শিশুরা।

ইউএনএফপিএ ও ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে দেশে প্রায় ৪৭ শতাংশ মেয়ের বিয়ে হয়েছে ১৮ বছরের আগেই। এ হার দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ। বাল্যবিবাহ মেয়েদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান এবং সামগ্রিকভাবে দেশের আর্থ-সামাজিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

বিশেষ করে কন্যাশিশুদের শিক্ষাজীবন ব্যাহত হয় এবং কর্মসংস্থানের সুযোগ সীমিত হয়ে পড়ে। পাশাপাশি অল্প বয়সে গর্ভধারণের ঝুঁকি বাড়ে, যা তাদের স্বাস্থ্য ও ভবিষ্যৎকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলে দেয়।

বাল্যবিবাহের ফলে কিশোরীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাবের কথা উল্লেখ করে প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কোহিনুর বেগম বলেন, ১৮ বছরের নিচে একটি মেয়ের শরীর মানসিক ও শারীরিকভাবে গর্ভধারণ বা সন্তান জন্ম দেওয়ার জন্য প্রস্তুত থাকে না। বাল্যবিবাহের ফলে কম বয়সে গর্ভধারণ করলে মা ও শিশু—উভয়ের জীবনই ঝুঁকির মুখে পড়ে।

তিনি বলেন, অপরিপক্ব বয়সে মা হলে প্রসবকালীন জটিলতা, অতিরিক্ত রক্তক্ষরণ, খিঁচুনি এবং অবরুদ্ধ প্রসবের মতো মারাত্মক সমস্যা দেখা দিতে পারে।

ডা. কোহিনুর বেগম জানান, বাল্যবিবাহের শিকার কিশোরীদের মধ্যে রক্তস্বল্পতা ও অপুষ্টি অত্যন্ত সাধারণ। এর ফলে কম ওজনের শিশু জন্ম নেওয়া, নবজাতকের মৃত্যুহার বৃদ্ধি এবং ভবিষ্যতে মায়ের জরায়ু বা প্রজননতন্ত্রের দীর্ঘস্থায়ী ক্ষতির আশঙ্কা থাকে। এর পাশাপাশি অল্প বয়সে সংসারের চাপ ও মানসিক ট্রমার কারণে কিশোরীরা বিষণ্নতা ও আত্মহত্যার প্রবণতায়ও ভুগতে পারে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আশরাফুল হক মনে করেন, আগে বাল্যবিবাহ অনেকটা প্রকাশ্যে কিংবা গোপনে কাজী ডেকে সম্পন্ন করা হতো। এখন নজরদারি বাড়ায় অপরাধীরা প্রযুক্তির অপব্যবহার ও কাগজপত্রের ফাঁকফোকর খুঁজছে।

তিনি বলেন, জন্মসনদ তৈরির প্রক্রিয়ায় আরও কঠোর যাচাই-বাছাই থাকতে হবে, যাতে ভুয়া সনদ ইস্যু করা না যায়। একই সঙ্গে নোটারি পাবলিকদেরও পেশাগত নৈতিকতা ও আইনের সীমারেখা সম্পর্কে সতর্ক থাকা জরুরি।

মো. আশরাফুল হক বলেন, শুধু আইন প্রয়োগ করে বাল্যবিবাহ পুরোপুরি বন্ধ করা কঠিন, যদি না দারিদ্র্য, সামাজিক নিরাপত্তাহীনতা এবং মেয়েদের শিক্ষার ধারাবাহিকতা নিশ্চিত করা যায়। পরিবারগুলোকে বোঝাতে হবে, বাল্যবিবাহ কোনো সমাধান নয়; বরং এটি একটি শিশুর জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।

ভুয়া জন্মসনদ ও নোটারি পাবলিকের মাধ্যমে বাল্যবিবাহের প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতীয় মহিলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ফওজিয়া করিম ফিরোজ বলেন, বাংলাদেশের প্রচলিত আইনে বিয়ের বয়স নির্ধারিত আছে। কেউ জন্মসনদ জালিয়াতি করে বয়স বাড়িয়ে দেখালে তা প্রতারণা ও জালিয়াতির শামিল।

তিনি বলেন, সবচেয়ে বড় ভুল ধারণা হলো—অনেকে মনে করেন, নোটারি পাবলিকের কাছে হলফনামা করলেই বিয়ে বৈধ হয়ে যায়। বাস্তবে নোটারি পাবলিক কোনো বিয়ের নিবন্ধন বা বৈধতা দেওয়ার কর্তৃপক্ষ নন। হলফনামা কেবল একটি অঙ্গীকারনামা। এর মাধ্যমে অপ্রাপ্তবয়স্ক কাউকে প্রাপ্তবয়স্ক বানানো যায় না বা বাল্যবিবাহকে বৈধতা দেওয়া যায় না।

ফওজিয়া করিম ফিরোজ আরও বলেন, অনেক ক্ষেত্রে এই হলফনামার সুযোগ নিয়ে অসাধু চক্র কিশোরীদের পাচার বা শোষণে ব্যবহার করে। ফলে ভবিষ্যতে মেয়েদের জন্য ভয়াবহ আইনি ও সামাজিক জটিলতা তৈরি হয়।

গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)-এর নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, প্রতিটি কন্যাশিশুর জন্মনিবন্ধনের মাধ্যমে আইনি পরিচয় নিশ্চিত করা গেলে তা শিশুর বয়স, অধিকার ও শৈশব সুরক্ষার ভিত্তি তৈরি করবে।

তিনি বলেন, বাল্যবিবাহমুক্ত দেশ গড়তে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ শক্তিশালী ও যুগোপযোগী করা অত্যন্ত জরুরি। পাশাপাশি ভুয়া জন্মসনদ ও নোটারি পাবলিকের মাধ্যমে হলফনামা তৈরির প্রবণতা রুখতে জন্মনিবন্ধন ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করা, ভুয়া সনদ ও অনিয়মের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া এবং নোটারি কার্যক্রমে নজরদারি বাড়াতে হবে।

ডেইলি-বাংলাদেশ/বিএম/একেকে
স্পটলাইট জনপ্রিয় খবর
লিংক সফলভাবে কপি হয়েছে!