ঢাকা,  বৃহস্পতিবার   ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

[ স্পটলাইট ]

মাতারবাড়ী প্রকল্পে সিন্ডিকেট ও সম্পদ নিয়ে সওজ প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ

মো. শাহজাহান মো. শাহজাহান
প্রকাশিত: ১২:৪২, ২৬ নভেম্বর ২০২৬
মাতারবাড়ী প্রকল্পে সিন্ডিকেট ও সম্পদ নিয়ে সওজ প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ
সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা তারেক ইকবাল

সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্পের (সওজ অংশ) প্রকল্প পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা মোঃ তারেক ইকবালের বিরুদ্ধে ঠিকাদারি সিন্ডিকেট গঠন, টেন্ডার বাণিজ্য, প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দরখাস্ত জমা দিয়েছেন তালিকাভুক্ত প্রথম শ্রেণির ঠিকাদার মোঃ মাহবুবুর রহমান।

দরখাস্তে বলা হয়েছে, আবু হেনা তারেক ইকবাল বর্তমানে জাতীয় গুরুত্বপূর্ণ মাতারবাড়ী প্রকল্পের দায়িত্বে আছেন। দায়িত্ব পাওয়ার পরপরই তিনি নিজের আস্থাভাজন ও কমিশনভোগী ঠিকাদারদের নিয়ে সিন্ডিকেট গড়ে তুলেছেন। সিন্ডিকেটের বাইরের যোগ্য ঠিকাদারদের কাজ না দিয়ে হয়রানি করা হচ্ছে, যার ফলে প্রকল্পের কাজের অগ্রগতি ও মান মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

অভিযোগপত্রে তার ২৭ বছরের চাকরিজীবনের বিবরণ তুলে ধরা হয়েছে। ১৯৯৯ সালে ১৮তম বিসিএসের মাধ্যমে সহকারী প্রকৌশলী হিসেবে যোগদানের পর থেকে তিনি ক্ষমতাসীন দলের সঙ্গে সখ্যতা গড়ে লাভজনক পোস্টিং ও পদোন্নতি বাগিয়ে নিয়েছেন বলে দাবি করা হয়। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তার স্ত্রী এবং কয়েকজন প্রভাবশালী রাজনীতিকের সঙ্গে ঘনিষ্ঠতা ও উপঢৌকনের মাধ্যমে নোয়াখালী, মুন্সিগঞ্জ, চট্টগ্রাম, বরিশাল ও কুমিল্লা জোনে গুরুত্বপূর্ণ পদে আসীন হন তিনি। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ঢাকা-আশুলিয়া টোলের অর্থ আত্মসাতের অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজনৈতিক ভোল পাল্টে প্রভাবশালী মহলের নাম ভাঙিয়ে মাতারবাড়ী প্রকল্পের মতো গুরুত্বপূর্ণ পদে টিকে থাকার অভিযোগও রয়েছে।

দরখাস্তে আরও বলা হয়েছে- ই-জিপি ব্যবস্থা থাকা সত্ত্বেও তিনি বিভিন্ন কর্মস্থলে টেন্ডার নিয়ন্ত্রণ ও কমিশন বাণিজ্য করেছেন। ঘুষ, দুর্নীতি ও কমিশনের অর্থ দিয়ে রাজধানীসহ বিভিন্ন স্থানে নামে-বেনামে বিপুল সম্পদ গড়ে তুলেছেন। মোহাম্মদপুরের ইকবাল রোডের পার্ক ভিউ ভবনের এ/১ নম্বর ফ্ল্যাট তার নামে রয়েছে, যা ভাড়া দিয়ে তিনি গুলশানে বসবাস করেন। রাজউকের সাবেক চেয়ারম্যানের নাম ভাঙিয়ে প্লট বরাদ্দ নেওয়া এবং অধিকাংশ সম্পদ স্ত্রী ফারজানা রহমান ভূঁইয়া ও পরিবারের সদস্যদের নামে কেনার অভিযোগও আনা হয়েছে। এসব সম্পদের বড় অংশ আয়কর নথিতে প্রদর্শিত হয়নি বলে দরখাস্তে দাবি করা হয়। ২০২৯ সালে অবসরে যাওয়ার আগেই তার বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “সড়ক খাতে বিপুল পরিমাণ দুর্নীতির চিত্র আমরা আগেই তুলে ধরেছি। কোনো কর্মকর্তা যদি প্রভাব ও সিন্ডিকেটের মাধ্যমে মেগা প্রকল্প নিয়ন্ত্রণ করেন এবং অবৈধ সম্পদ গড়েন, তাহলে তা জাতীয় স্বার্থে ক্ষতিকর। দুদকের উচিত দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্ত স্থাপন করা।”

সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাসুম আহমেদ বলেন, “অভিযোগগুলো যদি সত্য হয়, তাহলে এটি শুধু একজন কর্মকর্তার ব্যক্তিগত দুর্নীতি নয়, রাষ্ট্রীয় সম্পদের লুটপাটের উদাহরণ। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও বেনামি সম্পত্তির বিষয়ে আইন অনুযায়ী তদন্ত করে সম্পদ বাজেয়াপ্ত ও শাস্তির ব্যবস্থা নেওয়া উচিত। রাজনৈতিক প্রভাবের অজুহাতে কেউ যেন পার না পায়।”

সওজের প্রধান প্রকৌশলী এ বিষয়ে বলেন, “যেকোনো অভিযোগ দুদক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করলে আমরা পূর্ণ সহযোগিতা করব। প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসনিকভাবেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি অনিয়ম করে থাকেন, তাহলে আইন তার নিজের গতিতে চলবে।”

অভিযুক্ত আবু হেনা মোঃ তারেক ইকবালের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

ডেইলি-বাংলাদেশ/এমএস/এসআরএস
স্পটলাইট জনপ্রিয় খবর
লিংক সফলভাবে কপি হয়েছে!