ঢাকা, বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
রক্ত-নমুনা ছাড়াই ১৫ মিনিটে ৫৫ রোগের ঝুঁকি শনাক্ত!
বায়েজীদ মুন্সী, হংকং থেকে ফিরে
রোগ হওয়ার আগেই সম্ভাব্য ঝুঁকি শনাক্ত করা গেলে চিকিৎসা ব্যয় ও দীর্ঘমেয়াদি জটিলতা কমানো সম্ভব। প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার এই ধারণাকে সামনে রেখে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে চালু করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর একটি হেলথ অ্যাসিসমেন্ট সেন্টার। হংকংয়ের ‘ই-সেন্স ইনোভেশন অ্যান্ড টেকনোলজি লিমিটেড’-এর উদ্যোগে পরিচালিত ‘লিভফরওয়েল’ নামের এই কেন্দ্রে এআই প্রযুক্তি ও মেডিকেল গ্রেড যন্ত্রপাতির মাধ্যমে ১৫ থেকে ২০ মিনিটে একজন ব্যক্তির অন্তত ৫৫টি স্বাস্থ্যঝুঁকি বা সূচক যাচাই করা সম্ভব। প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের দাবি, এই হেলথ অ্যাসিসমেন্ট সেন্টার থেকে প্রাপ্ত ফলাফল প্রায় শতাভাগ নিভুল।
প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা বলছেন, এআইভিত্তিক হেলথ অ্যাসিসমেন্টের ক্ষেত্রে এটি হংকংয়ের প্রথম সমন্বিত কেন্দ্র, যেখানে দ্রুত স্ক্যানিংয়ের মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গের সম্ভাব্য ঝুঁকি বিশ্লেষণ করা হয়। প্রচলিত অনেক পরীক্ষায় রক্ত সংগ্রহ বা জটিল প্রস্তুতির প্রয়োজন হলেও এই ব্যবস্থায় সুই-সিরিঞ্জ বা রক্তের নমুনা ছাড়াই তাৎক্ষণিক স্ক্রিনিংয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করা যায় এবং তুলনামূলক কম জনবলে যন্ত্র পরিচালনা করা সম্ভব। এই হেলথ অ্যাসিসমেন্ট সেন্টারের ফলাফল ৯৭ শতাংশ সঠিক ও নির্ভরযোগ্য।
কেন্দ্রের কার্যক্রম তুলে ধরে সংশ্লিষ্ট প্রতিনিধিরা জানান, চোখ, মস্তিষ্ক ও মেরুদণ্ডের পাশাপাশি শরীরের ভারসাম্য বা বডি ব্যালান্স যাচাইয়ের যন্ত্রও এখানে রয়েছে। চিকিৎসকদের মতে, ভারসাম্যের ঘাটতির কারণে অনেকে অজান্তেই একদিকে ঝুঁঁকে হাঁটেন, যা দীর্ঘমেয়াদে মেরুদণ্ডে বাড়তি চাপ তৈরি করে। সময়মতো এ ধরনের প্রবণতা নজরে এলে জীবনযাত্রায় পরিবর্তন আনার সুযোগ তৈরি হয়। পাশাপাশি স্ক্রিনিং রিপোর্টের ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।
স্বাস্থ্য খাতে ক্রমবর্ধমান ব্যয় ও সাধারণ নাগরিকদের ওপর আর্থিক চাপ লাঘবে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন লিভফরওয়েলের সহ-প্রতিষ্ঠাতা মিরান্ডা ওং। তিনি জানান, তাঁদের ব্যবহৃত যন্ত্রপাতি ও কর্মপদ্ধতি আন্তর্জাতিক মানদণ্ড এবং আইএসও সনদের আওতাভুক্ত; যুক্তরাষ্ট্র ও জার্মানিসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে ইতিমধ্যে এ ধরনের সেবা সফলভাবে চালু রয়েছে।
তাঁর মতে, বাংলাদেশের প্রতিনিধিদলের এই সফরের ফলে দেশটির মানুষের স্বাস্থ্য পরীক্ষা, সেবার খরচ এবং সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থাপনা ঘিরে বিদ্যমান চাহিদা ও উদ্বেগগুলো গভীরভাবে জানার সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি বাংলাদেশের গণমাধ্যম ও স্বাস্থ্য খাতের প্রতিনিধিরা হংকংয়ে আধুনিক স্বাস্থ্যপ্রযুক্তির বাস্তব প্রয়োগও কাছ থেকে প্রত্যক্ষ করেছেন। নতুন কোনো দেশে ব্যবসা বা কার্যক্রম সম্প্রসারণের আগে সেখানকার মানুষের আয়, বাস্তব চাহিদা ও স্থানীয় বাস্তবতা বিবেচনায় নেওয়া জরুরি উল্লেখ করে তিনি বলেন, এরপর সম্ভাব্য অংশীদারদের সঙ্গে আলোচনার মাধ্যমে মানানসই সেবা, যৌক্তিক মূল্য নির্ধারণ ও কার্যকর সহযোগিতার কাঠামো দাঁড় করাতে হয়। সব মিলিয়ে বাংলাদেশের স্বাস্থ্যসেবা বাস্তবতা ও সাধারণ মানুষের প্রয়োজন সম্পর্কে আরও সম্যক ধারণা অর্জনের পাশাপাশি ভবিষ্যতে নানা খাতে পারস্পরিক সহযোগিতার নতুন দুয়ার খুলতে এ ধরনের বিনিময় কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তবে প্রযুক্তির ব্যয় ও বাস্তবায়ন নিয়ে বাস্তবতার কথাও তুলে ধরেছেন ই-সেন্স ইনোভেশন অ্যান্ড টেকনোলজি লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. রাসেল চ্যান। তিনি বলেন, “এটি ব্যয়বহুল। তবে এখানে এটি কাজ করছে হেলথ ইন্সুরেন্স পলিসির আওতায়। ৫টি ডিভাইস দিয়ে বাংলাদেশেও চাইলে একইভাবে এটি চালানো সম্ভব। ব্যবহারকারীর সংখ্যা বাড়লে খরচ আরও কমে আসবে।”
হংকংয়ের এই অভিজ্ঞতা স্পষ্ট করে যে, স্বাস্থ্য ব্যবস্থাপনায় প্রযুক্তির ভূমিকা আজ আর কেবল রোগ শনাক্তকরণের গণ্ডিতে আটকে নেই। বরং ব্যক্তির স্বাস্থ্যতথ্য বিশ্লেষণ, ধারাবাহিক পর্যবেক্ষণ এবং জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে আগাম স্বাস্থ্যঝুঁকি নিয়ন্ত্রণে রাখার ওপর ক্রমেই বেশি জোর দেওয়া হচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে ডায়াবেটিস, হৃদরোগ ও উচ্চ রক্তচাপের মতো অসংক্রামক রোগের ঝুঁকি সামাল দেওয়া এবং শুরুতেই বিপদ সংকেত ধরা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। এই বাস্তবতায় প্রযুক্তিনির্ভর স্বাস্থ্য মূল্যায়ন ও ব্যক্তিগত স্বাস্থ্যতথ্য বিশ্লেষণ বড় ধরনের সহায়ক শক্তি হয়ে উঠতে পারে। বিশেষ করে নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণ, জীবনযাত্রা বদলানোর বাস্তবসম্মত পরামর্শ এবং নিজের ঝুঁকি সম্পর্কে মানুষকে সচেতন করে তোলার ক্ষেত্রে এ প্রযুক্তির সম্ভাবনা বেশ উজ্জ্বল।
তবে বাংলাদেশের মতো দেশে এসব প্রযুক্তির সুফল পুরোপুরি পেতে চাইলে কেবল অত্যাধুনিক যন্ত্রপাতি বা এআই মডেল থাকাই যথেষ্ট নয়। এর সফল ও টেকসই প্রয়োগের জন্য চাই বৈজ্ঞানিক গ্রহণযোগ্যতা, পরীক্ষার নির্ভুলতা, মানুষের সামর্থ্যের মধ্যে সাশ্রয়ী মূল্য, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং প্রচলিত চিকিৎসাব্যবস্থার সঙ্গে কার্যকর সমন্বয়।
স্বাস্থ্য খাতের বিশ্লেষকদের মতে, প্রাথমিক পর্যায়ে ঝুঁকি চিহ্নিত করার উদ্যোগ সচেতনতা বাড়াতে সহায়ক হতে পারে, তবে এ ধরনের দ্রুত স্ক্রিনিংকে প্রচলিত প্যাথলজি বা বিশেষজ্ঞ চিকিৎসকের চূড়ান্ত রোগনির্ণয়ের বিকল্প হিসেবে দেখার সুযোগ নেই। কোনো ঝুঁকির আভাস মিললে প্রচলিত পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। একই সঙ্গে বাংলাদেশে এমন উদ্যোগ নিতে হলে যন্ত্রপাতির নিয়ন্ত্রক অনুমোদন, বীমা ব্যবস্থার পরিধি এবং সংগৃহীত ব্যক্তিগত স্বাস্থ্য তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।