ঢাকা,  বুধবার   ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

[ স্পটলাইট ]

বিআইডব্লিউটিএর ৩৩৫ কোটি টাকার প্রকল্পে ভুয়া বিল ও পাইলিং জালিয়াতির অভিযোগ

বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩২, ২৫ নভেম্বর ২০২৬
বিআইডব্লিউটিএর ৩৩৫ কোটি টাকার প্রকল্পে ভুয়া বিল ও পাইলিং জালিয়াতির অভিযোগ
নির্বাহী প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ মোল্লা

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চিলমারী নদীবন্দর স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ মোল্লার বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাৎ, ঠিকাদারি সিন্ডিকেট পরিচালনা এবং ভুয়া বিল তৈরির অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছেন ঠিকাদার মো. তানভীর আহমেদ।

অভিযোগে বলা হয়েছে, প্রায় ৩৩৫ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পে সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আবুল কালাম একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন। এই সিন্ডিকেটে রয়েছেন সাবেক প্রতিমন্ত্রীর এপিএস বাশার, ডিজি বাংলা নামের প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আরশাদ পারভেজ এবং ডিপন এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী সজল চন্দ্র দত্ত। সজলকে প্রকল্প পরিচালকের ঘনিষ্ঠজন হিসেবে উল্লেখ করে দরখাস্তে বলা হয়েছে, তার প্রতিষ্ঠানের নামে সাইট ডেভেলপমেন্টসহ একাধিক কাজ বরাদ্দ দেওয়া হয়েছে। অথচ বালু ভরাটসহ প্রয়োজনীয় কাজ না করেই ভুয়া বিল তৈরি করে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

দরখাস্তে আরও উল্লেখ করা হয়েছে, ভবন নির্মাণে সরকার অনুমোদিত নকশা মানা হয়নি এবং পাইলিংয়ের কাজে মারাত্মক গরমিল করা হয়েছে। অফিস আদেশে ৫০০ মিমি ব্যাস ও ৪০ দশমিক ৫ মিটার দৈর্ঘ্যের পাইলিংয়ের কথা থাকলেও বাস্তবে ৩০০ মিমি ব্যাস ও মাত্র ২৩ মিটার দৈর্ঘ্যের পাইলিং করা হয়েছে। রডের সংখ্যাও কমানো হয়েছে। এছাড়া ভূমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণের বিল নিয়েও নজিরবিহীন জালিয়াতির অভিযোগ তোলা হয়েছে।

সবচেয়ে গুরুতর অভিযোগ হলো বিল পরিশোধের ক্ষেত্রে। কাগজপত্রে ঠিকাদার হিসেবে খাঁনদার শাহীন আহমেদ লিমিটেড ও সাইন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের যৌথ উদ্যোগ দেখানো হলেও প্রকৃতপক্ষে ডিজি বাংলার হিসাবে অর্থ পরিশোধ করা হয়েছে। এক পর্যায়ে প্রায় সাড়ে তিন কোটি টাকার বিলের ৫৫ শতাংশ ডিজি বাংলা এবং ৪৫ শতাংশ ক্লায়েন্ট ও কনসালট্যান্টের নামে ভাগ করে নেওয়ার তথ্য তুলে ধরা হয়েছে। এই অর্থের বড় অংশ সজল চন্দ্র দত্তের ব্যাংক হিসাবে জমা এবং নগদে লেনদেন হয়েছে বলে অভিযোগ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ মোল্লা বলেন, কোনো একটি গ্রুপ ক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে এসব অভিযোগ ছড়াচ্ছে। এসব অভিযোগ নিয়ে তিনি আর কোনো বক্তব্য দিতে রাজি হননি।

বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী ছাইদুর রহমান বলেন, কেউ যদি অন্যায় করেন বা অসৎ সুবিধা নিয়ে থাকেন, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষ তদন্ত করলে আমরা পূর্ণ সহযোগিতা করব।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, নৌবন্দরসহ অবকাঠামো প্রকল্পে রাজনৈতিক প্রভাব ও সিন্ডিকেটের মাধ্যমে অর্থ লুটপাটের অভিযোগ নতুন নয়। এ ধরনের অভিযোগ দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে জবাবদিহি নিশ্চিত করা জরুরি। নইলে জনগণের অর্থের অপচয় ঠেকানো যাবে না। 

সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট তন্ময় দাস বলেন, প্রকল্প পরিচালক যদি নিজেই ঠিকাদার সিন্ডিকেটের অংশ হন এবং ভুয়া বিল ও নিম্নমানের কাজের মাধ্যমে অর্থ আত্মসাৎ করেন, তাহলে তা শুধু দুর্নীতি নয়, জননিরাপত্তার জন্যও হুমকি। দুদকের উচিত দ্রুত তদন্ত শুরু করে সম্পৃক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া।

ডেইলি-বাংলাদেশ/এমএস/এসআই
স্পটলাইট জনপ্রিয় খবর
লিংক সফলভাবে কপি হয়েছে!