ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ স্পটলাইট ]

সওজের প্রকৌশলী মনিরুজ্জামানের অবৈধ সম্পদের পাহাড়

সিনিয়র রিপোর্টার
প্রকাশিত: ১৯:০৬, ১ জুলাই ২০২৬
সওজের প্রকৌশলী মনিরুজ্জামানের অবৈধ সম্পদের পাহাড়
ছবি: ডেইলি বাংলাদেশ

সড়ক ও জনপদ অধিদপ্তরে (সওজ) অঘোষিত একটি ‘সিন্ডিকেট সাম্রাজ্য’ গড়ে তুলেছেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান। এই সিন্ডিকেটের মধ্যেমে টেন্ডার জালিয়াতি এবং ঠিকাদারি নিয়ন্ত্রণ করছেন তিনি। তার প্রত্যক্ষ মদদে টেন্ডার নিয়ন্ত্রণ, বিল-ভাউচার প্রক্রিয়াকরণ, কমিশন বাণিজ্য, ঠিকাদার সিন্ডিকেট গঠন এবং আর্থিক অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা লুটপাট করে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। 

সম্প্রতি দুর্নীতি দমন কমিশনে মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন এক ব্যক্তি। অভিযোগকারী নিজে সওজের নিয়মিত একজন ঠিকাদার হিসেবে পরিচয় উল্লেখ করেছেন। মনিরুজ্জামানের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুদকের কাছে অনুরোধও জানিয়েছেন এ ঠিকাদার। 

আরো পড়ুন: সওজের টেন্ডার বাণিজ্যের নিয়ন্ত্রক মনিরুজ্জামান

অনুসন্ধানে জানা গেছে, কক্সবাজার থেকে শুরু করে মুন্সিগঞ্জ, রংপুর ও রাজশাহী -যখনই যেখানে তিনি দায়িত্ব পালন করেছেন, সেখানেই অনিয়ম ও অর্থ আত্মসাতের গভীর ক্ষত রেখে এসেছেন। অবৈধভাবে কামিয়েছেন কাড়িকাড়ি অর্থ। প্রকৌশলী মনিরুজ্জামান ফরিদপুর জেলায় আদি বাড়িতে বিপুল পরিমাণ কৃষি ও অকৃষি জমি, বাণিজ্যিক প্লট এবং স্থাবর সম্পত্তি ক্রয় করেছেন। রাজশাহীতে কর্মরত থাকাকালীন নিজের ও আত্মীয়-স্বজনদের নামে-বেনামে একাধিক প্লট ও ফ্ল্যাট ক্রয় করেছেন। ঢাকার বনানী ও গুলশানের কনকর্ড টাওয়ারে আলিশান ফ্ল্যাট, বসুন্ধরা ‘ডি’ ব্লকে বহুতল ফ্ল্যাট এবং নিকেতন এলাকায় রয়েছে প্রায় ১০ কাঠার বাণিজ্যিক প্লট। 

প্রকৌশলী মনিরুজ্জামান ও তার নিকটাত্মীয়দের নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বিপুল অঙ্কের এফডিআর ও সঞ্চয়পত্র রয়েছে বলে খোঁজ পাওয়া গেছে। তিনি হুন্ডির মাধ্যমে অবৈধ আয়ের বড় অংশ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও দুবাইয়ে পাচার করেছেন বলেও অভিযোগ রয়েছে। 

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সওজের কয়েকজন কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, মো. মনিরুজ্জামানের মতো দুর্নীতিপরায়ণ ও সুযোগসন্ধানী কর্মকর্তাদের কারণে পুরো সড়ক ও জনপথ বিভাগের দীর্ঘদিনের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এরা কোনো নিয়ম-নীতি বা চেইন অফ কমান্ডের তোয়াক্কা করে না। নিজস্ব সিন্ডিকেট ও অবৈধ অর্থ দিয়ে মন্ত্রণালয়ের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে পুরো অধিদপ্তর নিয়ন্ত্রণ করছেন। এসব করে তিনি অঢেল সম্পদের মালিক হয়েছেন। এখন সেই টাকার জোরে সওজের প্রধান প্রকৌশলী হওয়ার টার্গেট হাতে নিয়েছেন।

আরো পড়ুন: ৫০ কোটি টাকায় সওজের প্রধান পদ বাগাতে চায় মানিরুজ্জামান

এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট জালিয়াতি ও শতকোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ ওঠে তবে রাষ্ট্রীয় সংস্কারের স্বার্থে অবিলম্বে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশনের উচিত অভিযুক্ত ব্যক্তির অভ্যন্তরীণ ও বৈদেশিক সম্পদের উৎস খতিয়ে দেখা।

এই বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঊর্ধ্বতন একজন কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকার টেন্ডার বাণিজ্যের একটি অভিযোগ কমিশনে প্রক্রিয়াধীন রয়েছে। আমরা তার নামে-বেনামে থাকা সম্পদের প্রাথমিক তথ্য সংগ্রহ করছি। খুব দ্রুতই কমিশনের নিয়ম অনুযায়ী একজন অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া শুরু করা হবে। 

অভিযোগের বিষয়ে সওজ'র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি পরে কথা বলেবেন বলে ফোন কেটে দেন। পরে তার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া দেননি। এছাড়া সওজের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসানকে তার কার্যালয়ে গিয়ে এবং ফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এস আই এস
লিংক সফলভাবে কপি হয়েছে!