ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ স্পটলাইট ]

৫০ কোটি টাকায় সওজের প্রধান পদ বাগাতে চায় মানিরুজ্জামান

সিনিয়র রিপোর্টার
প্রকাশিত: ১৭:২৭, ২১ জুন ২০২৬
৫০ কোটি টাকায় সওজের প্রধান পদ বাগাতে চায় মানিরুজ্জামান
সওজ'র অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ উইং) মো. মনিরুজ্জামান

ছিলেন বিগত আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অত্যন্ত বিশ্বস্ত। পরিচিত ছিলেন বিশেষ সিন্ডিকেটের অন্যতম প্রভাবশালী সদস্য হিসেবে। রাজনৈতিক পটপরিবর্তনের পর খোলস পাল্টে সেজেছেন কট্টর বিএনপিপন্থি। বর্তমানে তোড়জোড় চালাচ্ছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) প্রধান প্রকৌশলীর চেয়ার বাগাতে। ইতিমধ্যে নিজেকে পরবর্তী প্রধান প্রকৌশলী হিসেবে প্রচারও করে বেড়াচ্ছেন। বলছি সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ উইং) মো. মনিরুজ্জামানের কথা। 

অভিযোগ রয়েছে, ক্ষমতাসীন দলের একাধিক সংসদ সদস্যের ছত্রছায়ায় এবং অর্ধশত কোটি টাকার বিনিময়ে প্রধান প্রকৌশলীর চেয়ারে বসতে তোড়জোর চালাচ্ছেন মো. মনিরুজ্জামান। তার কূটকৌশলে সৎ কর্মকর্তারা কোণঠাসা হয়ে পড়ছেন, যার ফলে মাঠ পর্যায়ে কাজের গুণগত মান বজায় রাখা সম্ভব হচ্ছে না।

খোঁজ নিয়ে জানা গেছে, কক্সবাজার থেকে শুরু করে মুন্সীগঞ্জ, রংপুর ও রাজশাহী -যেখানে তিনি দায়িত্ব পালন করেছেন, সেখানেই অনিয়ম ও অর্থ আত্মসাতের গভীর ক্ষত রেখে এসেছেন। অবৈধভাবে কামিয়েছেন কাড়িকাড়ি অর্থ। এ বিষয়ে সম্প্রতি মো. আব্দুল হান্নান নামে একজন একজন ঠিকাদার দুর্নীতি দমন কমিশনে মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। মনিরুজ্জামানের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুদকের কাছে অনুরোধও জানিয়েছেন এ ঠিকাদার। 

একদিকে অবৈধ উপয়ে অর্থ কামিয়ে হয়েছেন অটেল সম্পত্তির মালিক। তারওপর ক্ষমতাসীন দলের দুইজন সংসদ সদস্যের ছায়া রয়েছে তার মাথার ওপর। যার জোরে এখন দখলে নিতে চাইছেন সওজ'র প্রধান প্রকৌশলীর চেয়ার চেয়ারটিও। দখলে নেয়ার আগে ইতিমধ্যেই নিজেকে পরবর্তী প্রধান প্রকৌশলী হিসেবে প্রচারও করছেন। পাশাপাশি বর্তমানে অধিদপ্তরের জনবল নিয়ন্ত্রণ ও বদলি শাখার মতো গুরুত্বপূর্ণ সেকশনে অদৃশ্য প্রভাব বিস্তার করে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে কর্মকর্তা-কর্মচারীদের সুবিধাজনক স্থানে বদলি করছেন। প্রধান কার্যালয়ের এই প্রভাবশালী চেয়ারে বসে তিনি পুরো অধিদপ্তরের ই-জিপি টেন্ডার প্রক্রিয়া ও দরপত্র মূল্যায়ন কমিটিকে সুকৌশলে নিয়ন্ত্রণ করছেন বলে সওজ সংশ্লিষ্ট সূত্র এবং ভুক্তভোগী ঠিকাদাররা জানান। মনিরুজ্জামানের এই একচ্ছত্র আধিপত্য, অনৈতিক আচরণ এবং রাতারাতি রাজনৈতিক খোলস পরিবর্তনের কারণে সড়ক ও জনপথ অধিদপ্তরের সৎ, যোগ্য ও পেশাদার কর্মকর্তাদের মধ্যে তীব্র অসন্তোষ ও হতাশা বিরাজ করছে।

সওজের এক জ্যেষ্ঠ অতিরিক্ত প্রধান প্রকৌশলীসহ বেশ কয়েকজন কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, মো. মনিরুজ্জামানের মতো দুর্নীতিপরায়ণ ও সুযোগসন্ধানী কর্মকর্তাদের কারণে পুরো সড়ক ও জনপথ বিভাগের দীর্ঘদিনের সুনাম ও ভাবমূর্তি এখন তলানিতে গিয়ে ঠেকেছে। এরা কোনো নিয়ম-নীতি বা চেইন অব কমান্ডের তোয়াক্কা করে না। নিজস্ব সিন্ডিকেট ও বিপুল অবৈধ অর্থ দিয়ে মন্ত্রণালয়ের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে পুরো অধিদপ্তর নিয়ন্ত্রণ করছেন। এখন তিনি ৫০ কোটি টাকার বিনিময়ে এবং ক্ষমতাসীন দলের লোকজনের মাধ্যমে লবিং করে প্রধান প্রকৌশলীর চেয়ারটি দখল করার জন্য উঠেপড়ে লেগেছেন। 

অভিযোগের বিষয়ে সওজ এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি পরে কথা বলেবেন বলে ফোন কেটে দেন। পরবর্তীতে তার সাথে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। 

এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা জানান, প্রধান প্রকৌশলীর পদে যাকেই বসানো হবে তিনি অবশ্যই যোগ্য ও সৎ ব্যক্তি হবেন। অর্থ কিংবা রাজনৈতিক প্রভাব খাটিয়ে চেয়ার বাগানোর কোনো সুযোগ নেই। দেশের যোগাযোগ খাতে সুশাসন ও স্বচ্ছতা বজায় রাখতে মন্ত্রণালয় কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি কেউ যদি আইন বহির্ভূত কর্মকান্ড করে এবং প্রমাণ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এস আই এস/এম এ
লিংক সফলভাবে কপি হয়েছে!