ঢাকা,  বুধবার   ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ ধর্ম ]

ইসলামের দৃষ্টিতে হালাল ও হারাম

মেহেদি হাসান অপু
প্রকাশিত: ১৪:৫৪, ৯ সেপ্টেম্বর ২০১৮
ইসলামের দৃষ্টিতে হালাল ও হারাম

ইসলামি শরিয়াতে দুইটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হালাল ও হারাম। পৃথিবীর সকল আসমানি গ্রন্থেই এই বিষয়গুলো সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। 

হালাল-হারাম নির্ধারণ করার অধিকার শুধুমাত্র মহান আল্লাহরই আছে সুতরাং জীবনে হালাল-হারামের বিধান অনুসারে চলে জীবন পরিচালনা করাই হচ্ছে ইবাদত। 

মহান আল্লাহ তায়ালা ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআনে বলছেন যে-

‘সে সমস্ত লোক যারা রাসূল (সা.) এর আনুগত্য করে, যিনি উম্মী নবী, যার সম্পর্কে তারা নিজেদের কাছে থাকা তাওরাত ও ইঞ্জিলে লেখা দেখতে পায়, তিনি তাদেরকে সৎকর্মের নির্দেশ দেন, অসৎকর্ম থেকে বারণ করেন; যাবতীয় পবিত্র বস্তু তাদের জন্য হালাল ঘোষনা করেন ও হারাম বস্তুসমূহকে করেন নিষিদ্ধ এবং তাদের ওপর থেকে সে বোঝা নামিয়ে দেন এবং বন্দীত্ব অপসারণ করেন যা তাদের ওপর বিদ্যমান ছিল। সুতরাং যেসব লোক তার ওপর ঈমান এনেছে, তার সাহচর্য অবলম্বন করেছে, তাকে সাহায্য করেছে এবং সেই নূরের অনুসরণ করেছে যা তার সঙ্গে অবতীর্ণ করা হয়েছে, শুধুমাত্র তারাই নিজেদের উদ্দেশ্য সফলতা অর্জন করতে পেরেছে। (সূরা আরাফ ৭, আয়াত-১৫৭)

হালাল:

হালাল শব্দের অর্থ হচ্ছে বৈধ, উপকারী ও কল্যানকর বস্তু ও কাজসমূহ। যা কিছু মানুষের জন্য উপকারী ও কল্যানকর ওই সকল কাজ ও বস্তুকে মহান আল্লাহ পাক মানুষের জন্য হালাল করে দিয়েছেন। যেমন: নামাজ, রোজা, হজ, জাকাত, পর্দা করা, গরুর গোশত ইত্যাদি। অর্থাৎ পবিত্র কোরআন ও সুন্নাহর ওপর ভিত্তি করে যে সব বিষয়কে ইসলামে বৈধ বলে ঘোষণা করা হয়েছে, ইসলামি পরিভাষায় সেটাই হালাল। একজন মুমিন মুসলিমের উচিত সর্বদা হালাল বা বৈধ পথ ও পদ্ধতি অবলম্বন করা।

হালাল বিষয়ের ফজিলত:

মহান আল্লাহ তায়ালা পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদাত করার জন্য। বান্দার করা সকল ইবাদাতের মধ্যে হালাল উপার্জন ও হালাল পথ অবলম্বন করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। মহান আল্লাহ তায়ালা তার বান্দার কল্যাণের জন্য যে পথের কথা বলেছেন সেই পথ অনুসরণ করা ইবাদতের অংশ। জীবনে হালাল বিধান প্রতিফলনের ফজিলত অনেক।

নিম্নে আলোচনা করা হলো:

(১) জীবনে হালাল পথ অবলম্বন একজন মুসলিমের জন্য জান্নাতের পথ সুগম করে দেয়। কারণ হাশরের ময়দানে প্রত্যেক মুসলিমকে যে- ৫টি প্রশ্ন করা হবে যার সঠিক উত্তর ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবেনা সেগুলো সঠিক উত্তর তারাই দিতে পারবে যারা ইহজীবনে হালাল পথ অবলম্বন করেছে এবং জীবনে তার প্রতিফলন ঘটিয়েছে। 

(২) হালাল পথ অবলম্বন করে সম্পদ উপার্জন মহান আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত। 

(৩) কেয়ামতের দিন পুরস্কার হিসেবে জান্নাত লাভ, 

(৪) হালাল উপার্জন ইবাদত কবুল হওয়ার পূর্বশর্ত, 

(৫) হালাল পথ অবলম্বন করা মহান আল্লাহর ইবাদত করার শামিল, 

(৬) পৃথিবীতে অগাধ সম্মানের অধিকারী হওয়া, 

(৭) মহান আল্লাহর রহমত প্রাপ্তি,

(৮) মানসিক প্রশান্তি লাভ ও মানবিক সকল গুনাবলী অর্জন করা, ইত্যাদি। 
জীবনে হালাল পথ অবলম্বন করলে ইহজাগতিক ও পরজাগতিক উভয় জগতে প্রশান্তি ও সমৃদ্ধি অর্জন করা যায়।
 
হারাম:

হারাম শব্দের অর্থ হচ্ছে ক্ষতিকর, অবৈধ, অকল্যানকর কাজ ও বস্তুসমূহ। যে সমস্ত কাজ বা বস্তু মানুষের জন্য অপকারী বা ক্ষতিকর তার সব কিছুই ইসলামে মহান আল্লাহ পাক হারাম করেছেন। যেমন : শুকরের গোশত, ঘুষ, সুদ, বেপর্দা এবং সকল পাপ কর্ম ইত্যাদি। অর্থাৎ, পবিত্র কোরআন ও সুন্নাহর ওপর ভিত্তি করে যে সকল বিষয়কে ইসলামে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে, ইসলামি পরিভাষায় সেটাই হারাম। মহান আল্লাহ পাক হারাম কাজের কঠিন শাস্তি নির্ধারিত করে রেখেছেন তাই সকল হারাম কাজ বর্জনীয়।

হারামের কুফল:

হারাম সম্পর্কে জানা না থাকলে জীবন পরিপূর্ণ হালাল করা সম্ভব না; তাই প্রথমেই হারাম বিষয়গুলো ও তার কুফল সম্পর্কে জানা দরকার। হারাম পথ মূলত দুই ভাগে ভাগ করা যায়: পদ্ধতিগত ও বস্তুগত। জীবনে কিছু অর্জনের জন্য যেকোনো হারাম পথ অবলম্বন করাটাই হচ্ছে পদ্ধতিগত হারাম। আবার, যে বস্তু পবিত্র কোরআন ও সুন্নাহ মোতাবেক নিষিদ্ধ সেই বস্তু ব্যবহার বা ভক্ষন বা পান হচ্ছে বস্তুগত হারাম। 

মানবজীবনে হারাম পথ ও বস্তু অনেক ক্ষতিকর প্রভাব ফেলে। শুধু ইহজাগতিক নয় বরং পরজাগতিক জীবনের জন্যেও ক্ষতিকর। নিম্নে কিছু বিষয় আলোচনা করা হলো:

(১) হারাম বস্তুর আহারের ফলে ইবাদত কবুল হয়না, 

(২) হারাম বস্তু মহান আল্লাহর তরফ থেকে নিষিদ্ধ তাই রাসূলুল্লাহ (সা.) বলেছেন হারাম পথ অবলম্বনকারীরা জাহান্নামের আগুনে পুড়বে, 

(৩) হারাম পথ অবলম্বন সামাজিক অসম্মানের কারণ, 

(৪) অতিরিক্ত লোভের কারণে হারাম পথ,

(৫) হারাম পথে চলার কারণে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, 

(৬) মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা, ইত্যাদি।
 
হারাম আমাদের জন্য ক্ষতিকর। যা আমাদের ঈমান আমলের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে যা আমার আমাদের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে তা অবশ্যই বর্জনীয়।
 
ইসলাম একটি পুর্নাঙ্গ জীবন ব্যবস্থা ও শান্তির ধর্ম। ইসলামের প্রতিটি বাণী বান্দার কল্যাণ ও সুন্দর জীবন গঠনে মূখ্য ভূমিকা পালন করে। ইসলামের মূল গঠনতন্ত্র হচ্ছে পবিত্র কোরআন ও নবীর সুন্নাহ। 

মহান আল্লাহর আদেশ ও নবীর দেখানো পথে যাত্রা করাই প্রতিটি মুসলমানের অন্যতম দায়িত্ব ও কর্তব্য। এর বিপরীত কারো জন্যেই মঙ্গলজনক নয়। মানুষের কল্যাণের জন্যই ইসলামী জীবন ব্যবস্থায় হারাম ও হালাল বিধানগুলোর এত গুরুত্ব দেয়া হয়েছে। 
 
হালাল ও হারাম বিধানের মূখ্য উদ্দেশ্য বিশ্বমানবতার কল্যাণ সাধন এবং অকল্যাণ ও ক্ষতি থেকে রক্ষা করা। 

হারাম বিধানগুলো কখনোই মানুষের জন্য কল্যাণ বয়ে আনতে পারেনা। নষ্ট করে দেয় বান্দার অন্তর আত্মাকে এবং বিবেক বুদ্ধিও লোপ করে বানিয়ে দেয় গুনাহগার।

পক্ষান্তরে হালাল বিধানগুলো মানুষের জীবনকে করে তোলে সুন্দর ও সুশোভিত। হালাল বিধান পালনেই রয়েছে বান্দার আত্মার কল্যাণ, দেহের কল্যাণ এবং বিবেক-বুদ্ধির সুস্থতা। এতে মহান আল্লাহ বান্দার প্রতি নাজিল করেন রহমত ও বরকত। আর তাই আমাদের সকলের উচিত ইসলামের বিধান সমূহের যথার্থ পালন এবং গুরুত্ব প্রদান করা।

মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালা সকল মুসলিম উম্মাহকে হালাল ও হারাম- এ দুইটি বিষয়ে সঠিক জ্ঞান দান করুন। আল্লাহুম্মা আমিন।

ডেইলি বাংলাদেশ/আরএজে

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!