ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ ধর্ম ]

রাসূলের (সা.) হাদিস (পর্ব-১)

গাজী মো. রুম্মান ওয়াহেদ
প্রকাশিত: ১৪:৪৫, ১৩ এপ্রিল ২০২০
রাসূলের (সা.) হাদিস (পর্ব-১)
মহানবী (সা.) এর জীবনচরিত পাঠ করলে এমন কিছু সুন্নতের খোঁজ পাওয়া যায়- যা বিভিন্ন ধরনের রোগ-বালাই প্রতিরোধে চিকিৎসাবিজ্ঞানীদের পরামর্শের অনুকূল।

ইসলাম একটি স্বভাবজাত ধর্ম। যা মানুষকে সর্বাবস্থায় সর্বোচ্চ পরিষ্কার-পরিচ্ছন্নতা অবলম্বনের নির্দেশ দেয়। ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক ও সামাজিক জীবন- সর্বত্র পরিচ্ছন্ন জীবনের শিক্ষা দেয় ইসলাম। 

ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতাকে ঈমানের অংশ ঘোষণা করেছে। 

পবিত্র কোরআনুল কারিমে পবিত্রতাকে (নির্ধারিত পদ্ধতিতে অর্জিত পরিচ্ছন্নতা) দ্বিনের অন্যতম উদ্দেশ্য এবং তাকে আল্লাহর অনুগ্রহ লাভের মাধ্যম হিসেবে বর্ণনা করা হয়েছে। ইরশাদ হয়েছে, ‘আল্লাহ তোমাদের কষ্ট দিতে চান না; বরং তিনি তোমাদের পবিত্র করতে চান এবং তোমাদের প্রতি তাঁর অনুগ্রহ পরিপূর্ণ করতে চান, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো।’ (সূরা : মায়িদা, আয়াত : ৬)।

বিশ্বনবী রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।’ (সহিহ মুসলিম, হাদিস : ২২৩)

ইসলামি শরীয়ত মুমিনকে তার জীবনের সর্ব পর্যায়ে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার নির্দেশ দিয়েছে। তবে মহানবী (সা.) এর জীবনচরিত পাঠ করলে এমন কিছু সুন্নতের খোঁজ পাওয়া যায়- যা বিভিন্ন ধরনের রোগ-বালাই প্রতিরোধে চিকিৎসাবিজ্ঞানীদের পরামর্শের অনুকূল। হাদিসগুলো ডেইলি বাংলাদেশের পাঠকদের জন্য ধারাবাহিকভাবে চলবে। ইনশাআল্লাহ!

প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক উল্লেখযোগ্য কিছু হাদিস তুলে ধরা হলো-

(১) হাত পরিষ্কার রাখা :

রাসূলুল্লাহ (সা.) মানুষকে তার হাত পরিষ্কার রাখার নির্দেশ দিয়েছেন। যেন তা দ্বারা শরীরের অন্য অঙ্গ, কাপড় ও অন্যান্য ব্যবহার্য বস্তু অপরিষ্কার না হয়। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি হাত পরিষ্কার না করেই হাতে গোশতের গন্ধ ও তৈলাক্ততা নিয়ে ঘুমাল, এতে তার কোনো ক্ষতি হলে সে যেন নিজেকেই তিরস্কার করে।’ (সুনানে আবু দাউদ, হাদিস : ৩৮৫২)।

একইভাবে তিনি ঘুম থেকে ওঠার পর প্রথম হাত ধোয়ার নির্দেশ দিয়েছেন। কেননা ঘুমের ভেতর মানুষের হাত নোংরা হওয়ার ভয় থাকে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) বলেন, ‘তোমাদের কেউ ঘুম থেকে উঠলে সে যেন পাত্রে হাত দেয়ার আগে হাতে তিনবার পানি প্রবাহিত করে। কেননা সে জানে না তার হাত রাতে কোথায় বিচরণ করেছে।’ (সহিহ মুসলিম, হাদিস : ৮৮)।

চলবে...

ডেইলি-বাংলাদেশ/আরএজে
লিংক সফলভাবে কপি হয়েছে!