ঢাকা, শনিবার ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
মাটির বুকে স্বপ্নের কারুকাজে ব্যস্ত সিরাজগঞ্জের মৃৎশিল্পীরা
মাটি তাঁদের কাছে শুধু একটি উপকরণ নয়, মাটিই তাঁদের জীবিকা, মাটিই তাঁদের শিল্প, আর মাটির বুকেই তাঁরা খুঁজে পান বেঁচে থাকার স্বপ্ন। নিপুণ হাতের ছোঁয়ায় সাধারণ মাটিকে অসাধারণ সব শিল্পকর্মে রূপ দিচ্ছেন সিরাজগঞ্জের মৃৎশিল্পীরা।
মাটির টব, হাঁড়ি-পাতিল, দইয়ের বাটি ও নানা ধরনের তৈজসপত্র তৈরি করে প্রতিনিয়ত কর্মব্যস্ত সময় পার করছেন তাঁরা। মাটি সংগ্রহ থেকে শুরু করে মাটি প্রস্তুত, আকৃতি দেওয়া, রোদে শুকানো এবং আগুনে পুড়িয়ে ব্যবহার উপযোগী করা প্রতিটি ধাপেই রয়েছে তাঁদের অসাধারণ দক্ষতা, ধৈর্য ও কঠোর পরিশ্রম। তাঁদের হাতের নিপুণতায় প্রাণ পায় মাটির প্রতিটি পণ্য।
একসময় গ্রামবাংলার মানুষের দৈনন্দিন জীবনে মাটির তৈরি সামগ্রীর ব্যাপক ব্যবহার ছিল। আধুনিকতার ছোঁয়ায় প্লাস্টিক, স্টিল ও সিরামিকের পণ্যের ব্যবহার বাড়ায় মৃৎশিল্পের চিরচেনা সেই বাজার অনেকটাই সংকুচিত হয়েছে। তবুও প্রতিকূলতাকে উপেক্ষা করে পূর্বপুরুষের পেশা ও ঐতিহ্য ধরে রেখেছেন সলঙ্গার মৃৎশিল্পীরা।
সত্যিই, এই মানুষগুলো নীরবে আমাদের গ্রামীণ ঐতিহ্যকে বাঁচিয়ে রাখছেন। তাঁদের হাতের তৈরি প্রতিটি পণ্যের সঙ্গে জড়িয়ে আছে শ্রম, ভালোবাসা, সৃজনশীলতা এবং কয়েক প্রজন্মের অভিজ্ঞতা। তাঁদের এই কর্মযজ্ঞ শুধু জীবিকা নির্বাহের প্রচেষ্টা নয়, বরং বাংলার প্রাচীন লোকজ শিল্প ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে বাঁচিয়ে রাখার এক নিরন্তর প্রয়াস।
এই ঐতিহ্যবাহী শিল্পের বিকাশে প্রয়োজন যথাযথ পৃষ্ঠপোষকতা, আর্থিক সহযোগিতা ও বাজার সম্প্রসারণ। মৃৎশিল্পীদের সম্মান ও তাঁদের পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে এই শিল্প আবারও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।
জেলার সলঙ্গা এলাকার লাভলু পাল ও সুমন পাল জানান, আধুনিকতার ছোঁয়ায় প্লাস্টিক, স্টিল ও সিরামিকের পণ্যের ব্যবহার বাড়ায় মৃৎশিল্পের চিরচেনা সেই বাজার অনেকটাই সংকুচিত হয়েছে। তবুও প্রতিকূলতাকে উপেক্ষা করে পূর্বপুরুষের পেশা ও ঐতিহ্য তারা ধরে রেখেছেন। কোন মতে চলছে তাদের ব্যবসা আর এতেই কোন মত সংসার চলছে।
প্রিয় সলঙ্গার গল্প গ্রুপের এডমিন ও সমাজ সেবক মোঃ শাহআলম জানান, আধুনিকতার ছোঁয়ায় মাটির তৈরী নানা তৈজসপত্রের চাহিদা নেই বললেই চলে। তবে এখনও অনেকে মৃৎশিল্পের নানা ব্যবহারিক পণ্য তৈরী করে বিক্রী করে টিকে আছে। তিনি আরো জানান, মাটির সঙ্গে যাঁদের জীবন, তাঁদের হাতেই বেঁচে থাকুক বাংলার হাজার বছরের ঐতিহ্য সম্মান ও ভালোবাসা মৃৎশিল্প।