ঢাকা, শনিবার ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
পাগলা মসজিদের দানবাক্সে স্বর্ণাকে পেতে প্রেমিকের আবেগঘন চিঠি
‘এই জীবনে আমি তোমাকে কখনো ভুলতে পারব না! স্বর্ণা। আল্লাহ গো, আপনি স্বর্ণার মনে জায়গা করে দেন। আমিন।’ আবেগঘন এমন আকুতি জানিয়ে লেখা একটি চিঠি পাওয়া গেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে।
শনিবার (২১ নভেম্বর) সকালে চার মাস ২৪ দিন পর পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। পরে দানবাক্স থেকে পাওয়া টাকা ও অন্যান্য সামগ্রী বাছাইয়ের সময় সাদা কাগজে হাতে লেখা চিঠিটি পাওয়া যায়।
চিঠিতে নাম-পরিচয় উল্লেখ না করে এক ব্যক্তি তার প্রিয় মানুষ স্বর্ণাকে ভুলতে না পারার কথা জানিয়েছেন। একই সঙ্গে মহান আল্লাহর কাছে স্বর্ণার মনে নিজের জন্য জায়গা করে দেওয়ার প্রার্থনা করেছেন তিনি।
ছোট্ট চিঠির কয়েকটি লাইনে ফুটে উঠেছে ভালোবাসা, গভীর আবেগ ও প্রিয় মানুষকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা। পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ অর্থের পাশাপাশি প্রায়ই পাওয়া যায় মানুষের এমন ব্যক্তিগত অনুভূতি, আশা-আকাঙ্ক্ষা ও না বলা কথায় ভরা চিঠি।
নানা মানত, নিয়ত ও মনোবাসনা পূরণের আশায় পাগলা মসজিদে দান করেন দেশ-বিদেশের অসংখ্য মানুষ। কেউ আসেন বিপদ থেকে মুক্তির প্রার্থনায়, কেউ আবার মনের বিশেষ ইচ্ছা পূরণের আশায়। প্রতিদিনই মসজিদে নামাজ আদায় ও দান করতে মানুষের ভিড় থাকে। বিশেষ করে শুক্রবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এখানে সমবেত হন।
স্বর্ণার মনে জায়গা পাওয়ার আকুতি জানিয়ে লেখা চিঠিটিও সেই অসংখ্য মানুষের ব্যক্তিগত প্রার্থনা ও বিশ্বাসের এক আবেগঘন নিদর্শন হয়ে উঠেছে।