ঢাকা, শনিবার ২১ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
জয়পুরহাটে খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরিতে ব্যস্ত গাছিরা
শীত এলেই অনেকটাই পাল্টে যায় দেশের উত্তরাঞ্চল গ্রাম-বাংলার চিত্রপট।ঘরে ঘরে উঠে নতুন ধান ।তার সাথে আরেকটু বেশি হেমন্তকে প্রানবন্ত করে খেজুরের রস ,গুড় ও পিঠা ।খেজুরের রস আর নতুন ধানের চালে তৈরি হয় নানা ধরনের পিঠা। খেজুরের গাছের রস থেকে তৈরি সুস্বাদু পাটালি গুড়। এই পাটালি গুড়ের চাহিদা শুধু বাংলাদেশেই নয় রয়েছে বিদেশেও।
ইতোমধ্যেই গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে গাছিরা। বেলা গড়লেই খেজুরগাছে চড়ে গাছিরা রস সংগ্রহের জন্য গাছ পরিষ্কারসহ হাঁড়ি বাঁধার কাজ শুরু করে। সূর্যাস্তের আগেই গাছে হাঁড়ি লাগানো শেষ করে। রাত শেষে হাঁড়িতে যে পরিমাণ রস সংগ্রহ হয় সেই রস আবার ভোর থেকে দুপুর পর্যন্ত রস নামাতে ব্যস্ত থাকে গাছিরা। সমস্ত রস বিশেষভাবে তৈরি করে নেয়া একটি স্টিলের পাত্রে জ্বাল করে সুস্বাদু গুড় তৈরি করছে। শীত মৌসুম শুরু হওয়ায় বিরাম পাচ্ছে না গাছিরা। দেশের উত্তরাঞ্চল অনেকটা আগে থেকেই শীত নেমে আসে, শহরের তুলনায় গ্রামে শীত বেশী।
শীত নামার সঙ্গে সঙ্গে গাছিরা যেনো আনন্দঘন দিন পার করে। গাছিরা খেজুর গাছপ্রতি টাকা বা গুড় দেয়ার চুক্তিতে খেজুর রস সংগ্রহ ও পাটালি গুড় তৈরি করে। খেজুর রস দিয়ে স্থানীয় গাছিরা নালি গুড়ও তৈরি করে। এই নালি গুড়ের চাহিদাও কম নয়। খেজুরের পাটালি গুড় জয়পুহাটের বাজারে বিক্রি হচ্ছে ১৮০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত। নালি গুড়ও বিক্রি একই দামে।খেজুরগাছ থেকে রস সংগ্রহ করে নালি ও পাটালি গুড় তৈরির পর্ব চলবে প্রায় চৈত্র মাসের মাঝামাঝি পর্যন্ত।
খেজুরগাছ থেকে রস সংগ্রহের কাজ উপজেলার প্রতিটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ দৃশ্য চোখে পড়ে। সময়ের বিবতের্ন অনেকটাই হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার প্রাচীনতম ঐতিহ্যবাহী খেজুরের রস ও গুড়। কিছুদিন আগেও বিভিন্ন এলাকার অধিকাংশ বাড়িতে, ক্ষেতের আইলে, লোকালয়ের আশেপাশে ও রাস্তার দুই ধার দিয়ে ছিল অসংখ্য খেজুরগাছ। কোনো পরিচর্যা ছাড়াই অনেকটা প্রাকৃতিকভাবে বেড়ে উঠতো এসব খেজুরগাছ। প্রতিটি পরিবারের চাহিদা পূরণ করে অতিরিক্ত রস দিয়ে তৈরি করা হতো সুস্বাদু খেজুরের গুড়। গ্রামীণ জনপদে সাধারণ মানুষের সচেতনতার অভাবে পুকুর পাড়ে রাস্তার ধারে পরিবেশবান্ধব খেজুরগাছ এখন আর তেমন চোখে পড়ে না। বিশেষ করে ইট-ভাটার জ্বালানি হিসেবে ব্যবহার হওয়ার কারণে প্রচুর পরিমাণ গাছ নিবির্চারে নিধন করায় দিনদিন বিলুপ্তির পথে।
জয়পুরহাট জেলার গাছি গোলাম বলেন, প্রায় প্রতি বছরেই এলাকার খেজুর গাছমালিকদের কাছ থেকে ৩ -৪ মাসের জন্য গাছভেদে ৬ থেকে ১০ কেজি করে খেজুরের গুড় দিয়ে গাছগুলো নিয়ে থাকি। খেজুরগাছ কম পাওয়ার কারণে রস কম হওয়ায় আশানুরূপ গুড় তৈরি করতে পারছি না। তারপরও এ বছর প্রায় ১৩০ টির মতো খেজুরগাছ নিয়েছি। বাপ-দাদার পেশা ছেড়ে না দিয়ে জীবন-জীবিকার জন্য এই পেশাই ধরে রেখেছি।
তবে খেজুরগাছ যেভাবে কাটা হচ্ছে তাতে অল্প দিনের মধ্যেই এই এলাকায় আর আমাদের ব্যবসা হবে না। শীত একটু বেশি পড়তে শুরু করলে আত্মীয়-স্বজন আনা-নেয়া ও পিঠা-পুলির উৎসবে খেজুর গুড়ের দাম ও চাহিদা বৃদ্ধি পাওয়ায় সে সময় আমাদের লাভ একটু বেশি হয়। যে পরিমাণে শ্রম দিতে হয় সে পরিমাণে আমরা লাভ করতে পারি না। তবুও পেশাগত কারণে চালিয়ে যাচ্ছি ।
বতর্মান বাজারে আখের গুড়, চিনির যে মূল্যে বেচা-কেনা হচ্ছে তার চেয়ে মানসম্পূর্ণ খেঁজুরের গুড়ের দাম এ বছর কিছুটা বেশি হবে এমনটাই আশা করছেন গাছিরা।
এদিকে খেজুরের গুড় তৈরি কিভাবে হয় তা দেখতে উৎসুক জনতা খুব সকাল থেকে ভিড় করে থাকে।এখানে দেখতে এসে অনেকেই আবার গুড় কিনে নিয়ে যায় বাড়িতে।খেজুরের গুড় দিয়ে মুড়ির মোয়া, চিড়ার মোয়া ও মুড়ি খাওয়ার জন্য কৃষক পরিবার থেকে করে সর্বস্তরের মানুষের কাছে শীতের মৌসুম অতি প্রিয় হয়ে উঠেছে।