ঢাকা,  রোববার   ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্রথম ভারতীয় হিসেবে দু’বার হ্যাটট্রিক কুলদীপের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:১৩, ১৮ ডিসেম্বর ২০১৯
প্রথম ভারতীয় হিসেবে দু’বার হ্যাটট্রিক কুলদীপের
ছবিঃ সংগৃহীত

পরপর তিন বলে তিন উইকেট, কথাটা শুনতে সহজ হলেও বাস্তবায়ন করা কঠিন। অনেক গ্রেট বোলারই ক্যারিয়ার শেষ করেছেন একটি হ্যাটট্রিক করতে না পারার আক্ষেপ নিয়ে। সেখানে ভারতীয় চায়নাম্যান বোলার কুলদীপ যাদব নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন। কারণ একবার না, এ হ্যাটট্রিক তিনি করলেন দুইবার।

বিশাখাপত্তমে শুরুতে ব্যাট করে রানের পাহাড় গড়েছে ভারত। তবে ওয়েস্ট ইন্ডিজকে বিরাট কোহলির দল ছাড় দেয়নি বল হাতেও। এরই মাঝে কুলদীপ করেন অভিনব কীর্তি, ক্রিকেট ইতিহাসের যে ঘটনা ঘটেছেই হাতেগোণা কয়েকবার! পরপর তিন বলে তিনজনকে আউট করে পূর্ণ করেন হ্যাটট্রিক।

এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেছিলেন কুলদীপ। অ-১৯ পর্যায়েও হ্যাটট্রিক করার কীর্তি আছে তার। উইন্ডিজের বিপক্ষে এ ম্যাচে প্রথমে আউট করেন ম্যাচে ছড়ি ঘোরাতে থাকা উইন্ডিজের শেষ আশা শেই হোপকে। পরের বলে জেসন হোল্ডারকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেন।

Advertisement

পরপর দুই বলে দুই উইকেট অনেক দেখা গেলেও হ্যাটট্রিকের দেখা মেলে না সহসাই। পুরো স্টেডিয়াম তখন কুলদীপের নামে চিৎকার করছে। অবস্থা বুঝে ক্যাপ্টেন কোহলি স্লিপে রাখলেন দুজনকে। সেই দ্বিতীয় স্লিপেই ক্যাচ তুলে দিলেন আলঝারি জোসেফ। সঙ্গে সঙ্গে বাতাসে ভাসার চেষ্টা করলেন কুলদীপ, নাম লেখালেন ইতিহাসে। 

ক্রিকেট ইতিহাসে এর আগে কমপক্ষে দু'বার হ্যাটট্রিক করতে পেরেছেন মাত্র পাঁচজন বোলার। ষষ্ঠ বোলার হিসেবে সেখানে নিজের নাম লেখালেন কুলদীপ। একইসঙ্গে প্রথম ভারতীয় হিসেবে এ কৃতিত্ব অর্জন করেন তিনি। 

চায়নাম্যান কুলদীপের আগে কমপক্ষে দু'বার করে ওয়ানডেতে হ্যাটট্রিক করেছেন লাসিথ মালিঙ্গা, ওয়াসিম আকরাম, সাকলাইন মুশতাক, চামিন্দা ভাস ও ট্রেন্ট বোল্ট। এর মাঝে লাসিথ মালিঙ্গা এ কীর্তি গড়েছেন তিনবার! 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!