ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

সৌরবিদ্যুতে করছাড়-প্রণোদনা, বাড়ছে বিনিয়োগের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৩, ১২ নভেম্বর ২০২৬
সৌরবিদ্যুতে করছাড়-প্রণোদনা, বাড়ছে বিনিয়োগের সম্ভাবনা
সংগৃহীত ছবি

সরকারি প্রণোদনা, সৌরবিদ্যুতের সরঞ্জাম আমদানিতে কর ও শুল্কছাড় এবং নতুন নীতিগত উদ্যোগের ফলে দেশে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে। বাসাবাড়ি, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সরকারি ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপনে উৎসাহ দেওয়ার পাশাপাশি উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের ব্যবস্থাও রাখা হয়েছে। তবে নেট মিটারিং সংযোগ পেতে জটিলতা ও সহজ অর্থায়নের অভাব এ খাতের সম্প্রসারণে বাধা হয়ে দাঁড়াচ্ছে।

মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের প্রকৌশলী মো. আখতারুজ্জামান নিজের প্রতিষ্ঠান ‘সালেহা অয়েল মিল’-এর বিদ্যুৎ চাহিদা মেটাতে ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপন করেছেন। ২০২৩ সালের ডিসেম্বরে উৎপাদন শুরু করা এ ব্যবস্থায় রয়েছে ৯টি প্যানেল। এগুলোর মোট উৎপাদনক্ষমতা ৫ দশমিক ২৩ কিলোওয়াট। সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে তার ব্যয় হয়েছে ১ লাখ ৮৪ হাজার টাকা।

উৎপাদিত বিদ্যুতের একটি অংশ নিজ প্রতিষ্ঠানে ব্যবহার করেন আখতারুজ্জামান। বাকি বিদ্যুৎ নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করেন। তার ভাষ্য, পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যেই তিনি এ উদ্যোগ নিয়েছেন। নিজের চাহিদা মেটানোর পাশাপাশি প্রতি মাসে গড়ে ৫৫০ ইউনিট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করেন। এতে মাসে ৬ থেকে ৭ হাজার টাকা আয় হয়।

আখতারুজ্জামান জানান, অর্থায়নের সুযোগ পেলে সৌরবিদ্যুৎ ব্যবস্থা আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তার। বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য অর্থায়নের ব্যবস্থা থাকলেও সাধারণ গ্রাহকদের সরাসরি ঋণ পাওয়ার সুযোগ সীমিত। ফলে আগ্রহ থাকা সত্ত্বেও অনেকেই এ খাতে বিনিয়োগ বাড়াতে পারছেন না।

অন্যদিকে, নওগাঁর নিয়ামতপুর উপজেলার চকগোপাল গ্রামের বাসিন্দা সাব্বির হোসেন নিজ উদ্যোগে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করে বিদ্যুৎ বিল কমিয়েছেন। তবে নেট মিটারিংয়ের অনুমতি না পাওয়ায় উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারছেন না বলে জানান তিনি।

সাব্বিরের সৌরবিদ্যুৎ ব্যবস্থায় ৫৮৫ ওয়াট ক্ষমতার সাতটি প্যানেল রয়েছে। সব মিলিয়ে এর স্থাপিত ক্ষমতা ৪ হাজার ৯৫ ওয়াট বা প্রায় ৪ দশমিক ১ কিলোওয়াট-পিক। পুরো ব্যবস্থা স্থাপনে তার ব্যয় হয়েছে প্রায় ১ লাখ ৭৩ হাজার টাকা।

তিনি জানান, বাসাবাড়ির বিদ্যুৎ চাহিদা মেটানোর পাশাপাশি পানির মোটর চালাতেও সৌরবিদ্যুৎ ব্যবহার করেন। এ ব্যবস্থা চালুর পর তার বিদ্যুৎ বিল কমেছে। আগে সাধারণ সময়ে বাসার বিদ্যুৎ বিল আসত প্রায় ১ হাজার ৫০০ টাকা। এখন তা ৭০০ থেকে ৯০০ টাকার মধ্যে থাকছে।

আখতারুজ্জামান ও সাব্বিরের অভিজ্ঞতা দেখাচ্ছে, নিজস্ব বিদ্যুৎ চাহিদা মেটানো, বিল কমানো এবং উদ্বৃত্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহের সুযোগ সৌরবিদ্যুতের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে পারে। বাসাবাড়ির পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প, দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং কৃষিকাজেও এ বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ছাদ ও অব্যবহৃত জায়গা কাজে লাগিয়েও সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব। এর ব্যবহার বাড়লে দিনের বেলায় জাতীয় গ্রিডের ওপর চাহিদার চাপ কমানোর পাশাপাশি জীবাশ্ম জ্বালানিনির্ভর বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনও কমতে পারে। এতে ব্যক্তিগত সাশ্রয়ের পাশাপাশি দেশের নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ও বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির বৈচিত্র্য বাড়বে।

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ার সঙ্গে জাতীয় গ্রিডে এর অবদানও বাড়ছে। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে জাতীয় গ্রিডে অন-গ্রিড সৌরবিদ্যুতের অবদান ছিল ১ হাজার ২০ মেগাওয়াট। নভেম্বরের শুরুতে তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৮৩ মেগাওয়াটে।

সৌরবিদ্যুৎ সম্প্রসারণে অর্থায়ন সহজ করতে সরকার প্রাথমিকভাবে ১ হাজার ৫০০ কোটি টাকার তহবিল বরাদ্দ করেছে। পর্যায়ক্রমে প্রয়োজনীয় অর্থের সংস্থান করার পরিকল্পনাও রয়েছে। আগামী গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য নিয়েছে সরকার।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, গ্রাহক নিজে সৌরবিদ্যুৎ ব্যবহার করে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করলে প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে ২০৩০ সাল পর্যন্ত তা কেনা হবে। এ বিষয়ে গত ১ সেপ্টেম্বর বিদ্যুৎ বিভাগ প্রজ্ঞাপন জারি করে। আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে নেট মিটারিং সংযোগ পেলে এ সুবিধা পাওয়া যাবে।

নেট মিটারিং ব্যবস্থায় গ্রাহক সৌর প্যানেলে উৎপাদিত বিদ্যুতের একটি অংশ নিজে ব্যবহার করতে পারেন। অতিরিক্ত বিদ্যুৎ বিতরণব্যবস্থায় সরবরাহের সুযোগ থাকে। গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের পরিমাণ হিসাব করে গ্রাহকের বিল সমন্বয় করা হয়। এ ব্যবস্থায় সংযোগ পেতে অনলাইনে আবেদন করা যায়।

সৌরবিদ্যুৎ স্থাপনের ব্যয় কমাতে যোগ্য সৌর সরঞ্জাম ও যন্ত্রপাতি আমদানিতে করছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নির্ধারিত সরঞ্জাম আমদানিতে মোট করের হার ১ শতাংশে নামিয়ে আনা হয়েছে। আগে এসব সরঞ্জামে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও ২ শতাংশ অগ্রিম আয়করসহ মোট ১৭ শতাংশ কর দিতে হতো।

এ সুবিধার ফলে সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রাথমিক ব্যয় কমানোর সুযোগ তৈরি হয়েছে। এতে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে বিনিয়োগ বাড়তে পারে। তবে কোন কোন সরঞ্জাম এ সুবিধার আওতায় পড়বে, তা এনবিআরের সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে নির্ধারিত রয়েছে।

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে গত ১৯ অক্টোবর সরকার ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে। এতে ছাদ, আঙিনা, পরিত্যক্ত জমি, চা বাগান, জলাশয় এবং কৃষি-সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় প্রকল্প স্থাপনের সুযোগ রাখা হয়েছে। নির্ধারিত শর্তে সর্বোচ্চ ৫ মেগাওয়াট সক্ষমতার প্রকল্প স্থাপন করা যাবে।

অধ্যাদেশে ওপেক্স মডেলে অর্থায়ন, নেট মিটারিং, সার্ভিস প্রোভাইডার নির্বাচন এবং প্রকল্প তদারকির বিধান রয়েছে। পাশাপাশি সৌরবিদ্যুৎ ব্যবস্থার সরঞ্জাম চুরি, ভাঙচুর, অবৈধ সংযোগ এবং কাজে বাধা দেওয়ার ক্ষেত্রে শাস্তির বিধান রাখা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জেলাভিত্তিক সার্ভিস প্রোভাইডারদের তালিকা সংরক্ষণ করবে। গ্রাহকেরা প্রতিযোগিতামূলক প্রক্রিয়া বা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নির্বাচন করতে পারবেন।

সৌরবিদ্যুতের সম্প্রসারণ ও নীতিগত সমন্বয়ের জন্য প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় পলিসি কাউন্সিল গঠনের বিধানও রয়েছে। পাশাপাশি জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা কারিগরি ও সমন্বয় কমিটি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটি মাঠপর্যায়ের কার্যক্রম তদারকি করবে।

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে মোট বিদ্যুতের ২০ শতাংশ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য অর্জনে ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে প্রায় ১০ হাজার ৪৫০ মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনক্ষমতা যুক্ত করার পরিকল্পনার কথা খসড়ায় উল্লেখ রয়েছে। এর মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার ৫০০ মেগাওয়াট এবং ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৪ হাজার ৫০০ মেগাওয়াট সক্ষমতা যুক্ত করার লক্ষ্য রয়েছে।

সরকারি সব প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশনাও দেওয়া হয়েছে। এ ছাড়া সৌরবিদ্যুৎ স্থাপনসংক্রান্ত সেবা সহজ করতে বিদ্যুৎ বিভাগ ও বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলোর মাধ্যমে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হয়েছে।

গত ৩ ও ৪ নভেম্বর বিদ্যুৎ বিভাগ এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) উদ্যোগে সোলার এক্সপো অনুষ্ঠিত হয়। এর উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রসারে উন্নয়ন সহযোগীদের সহায়তা কামনা করেন। তিনি বলেন, শুধু বড় প্রকল্প নয়, স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগেও অর্থায়ন ও প্রযুক্তিগত সহযোগিতার সুযোগ রয়েছে। প্রবাসী বাংলাদেশিদের জন্যও এ খাতে বিনিয়োগের সহজ সুযোগ রয়েছে।

জ্বালানি বিশেষজ্ঞদের মতে, সরকারি প্রণোদনা, করছাড়, নতুন নীতিগত উদ্যোগ ও সহজ অর্থায়ন কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে দেশে সৌরবিদ্যুতের ব্যবহার আরও বাড়বে। এতে গ্রাহকদের নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের সুযোগ বাড়ার পাশাপাশি জাতীয় গ্রিডে নবায়নযোগ্য বিদ্যুতের সরবরাহও বৃদ্ধি পাবে।

তাদের মতে, নেট মিটারিং সংযোগের আবেদন, অনুমোদন ও প্রয়োজনীয় শর্ত সম্পর্কে গ্রাহকদের স্পষ্ট ধারণা দিতে হবে। আবেদন প্রক্রিয়া সহজ করার পাশাপাশি অনুমোদনের অগ্রগতি জানার সুযোগও নিশ্চিত করা জরুরি। দীর্ঘদিনেও সংযোগ না পাওয়ায় অনেক গ্রাহক সৌরবিদ্যুৎ ব্যবহারে আগ্রহ হারাচ্ছেন। এ পরিস্থিতি দূর করতে দ্রুত নেট মিটারিং সংযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

জ্বালানি বিশেষজ্ঞ ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সেন্টার ফর এনার্জি রিসার্চের (সিইআর) পরিচালক শাহরিয়ার আহমেদ চৌধুরী সৌর সরঞ্জাম আমদানিতে শুল্ক কমানোসহ সরকারের বিভিন্ন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এসব উদ্যোগ সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে সহায়ক হবে। তবে সাধারণ গ্রাহকদের বড় অংশ স্থানীয় বাজার থেকে সরঞ্জাম কেনেন। ফলে আমদানি শুল্ক কমানোর সুফল সরাসরি তাদের কাছে পৌঁছায় না।

তিনি বলেন, সৌরবিদ্যুতের প্রসারে স্থানীয় বাজারে কর ও ভ্যাট কমানো, দুই থেকে পাঁচ বছর মেয়াদি প্রণোদনা এবং সহজ শর্তে অর্থায়ন প্রয়োজন। পাশাপাশি নেট মিটারিংয়ের অনুমোদন প্রক্রিয়া সহজ করতে হবে। প্রাথমিক বিনিয়োগের চাপ কমাতে দীর্ঘমেয়াদি ঋণ ও সহজ কিস্তিতে অর্থ পরিশোধের সুযোগ নিশ্চিত করাও জরুরি।

সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগ ও স্থাপনে উৎসাহ দিতে শুল্কছাড় ও অন্যান্য সুবিধা দুই থেকে পাঁচ বছরের জন্য দেওয়ার বিষয়টি বিবেচনার পরামর্শও দিয়েছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!