ঢাকা,  শনিবার   ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

বন্যহাতি সুরক্ষায় ভারতের সঙ্গে সংলাপ শুরু করবে সরকার: পরিবেশমন্ত্রী

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৪, ১০ অক্টোবর ২০২৬
বন্যহাতি সুরক্ষায় ভারতের সঙ্গে সংলাপ শুরু করবে সরকার: পরিবেশমন্ত্রী
মধুটিলা ইকোপার্কে মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসন ও বন্যহাতি সংরক্ষণে এক মতবিনিময় সভা। ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের গারো পাহাড়ে বিচরণরত বন্যহাতি সুরক্ষায় আন্তঃদেশীয় করিডোর চালু করতে ভারতের সঙ্গে শিগগিরই সংলাপ শুরু করবে সরকার। এ ক্ষেত্রে আগের প্রটোকল অনুসরণ করা হবে। পাশাপাশি শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু।

শনিবার (১০ অক্টোবর) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসন ও বন্যহাতি সংরক্ষণবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেরপুর জেলা প্রশাসন ও ময়মনসিংহ বন বিভাগ আয়োজিত এ সভায় জেলার বন্যহাতি অধ্যুষিত এলাকার সংসদ সদস্য, ইআরটি সদস্য, গণমাধ্যমকর্মী এবং হাতি সংরক্ষণে কাজ করা স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমীনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, বন সংরক্ষক (বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল) মো. ছানাউল্যা পাটওয়ারী, কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক এএসএম জহির উদ্দিন আকন, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম, পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, স্থানীয় ইআরটি সদস্য লরেন্স দ্রং এবং শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল। এ সময় নালিতাবাড়ী উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত একজনকে ক্ষতিপূরণ দেওয়া হয়। এ ছাড়া ১০টি ইআরটি দলের সদস্যদের মধ্যে বিভিন্ন উপকরণ ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

মতবিনিময় সভার আগে মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু বন্যহাতির একটি করিডোর পরিদর্শন করেন। পরে তিনি পাশের ঝিনাইগাতী উপজেলা পরিষদ মিলনায়তনে একই বিষয়ে আরেকটি মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে স্থানীয় সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলসহ সংশ্লিষ্ট অংশীজনেরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/নালিতাবাড়ী/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!