ঢাকা,  শনিবার   ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

বাংলাদেশ-সৌদি সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর আসন্ন সফর

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:২৫, ১০ অক্টোবর ২০২৬
বাংলাদেশ-সৌদি সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর আসন্ন সফর
সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী এবং শিগগিরই সুবিধাজনক সময়ে এ সফর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। ‘কর্মশক্তি থেকে কৌশলগত অংশীদারি: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের পুনর্কল্পনা’ শীর্ষক সেমিনারটির যৌথ আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও নর্থ সাউথ ইউনিভার্সিটি।

সেমিনারে হুমায়ুন কবির বলেন, সৌদি আরবের ক্রাউন প্রিন্সও বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করেছেন। তার সুবিধাজনক সময়ে তাকে স্বাগত জানাতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

বাংলাদেশ ও সৌদি আরবের প্রতিরক্ষা সহযোগিতা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে দুই দেশের মধ্যে শক্তিশালী অংশীদারত্ব রয়েছে। পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির বিষয়ে ইতিবাচক আলোচনা চলছে। চুক্তিটি বাংলাদেশের জাতীয় স্বার্থের অনুকূলে হলে সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের শান্তিরক্ষা কার্যক্রমের অভিজ্ঞতা মুসলিম দেশগুলোর সেবায় এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ, মর্যাদা ও অধিকার সরকারের কাছে অগ্রাধিকার পাবে জানিয়ে হুমায়ুন কবির বলেন, শ্রমিক নিয়োগের প্রক্রিয়া নিয়ন্ত্রণ এবং শ্রমিক ও নিয়োগকর্তা উভয়ের স্বার্থ সুরক্ষায় সৌদি আরবের সহযোগিতা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ চায়, দেশটির কর্মীদের শুধু শ্রমের উৎস হিসেবে নয়, বরং উন্নয়নের অংশীদার হিসেবে বিবেচনা করা হোক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বিষয়ক সচিব ড. মো. নজরুল ইসলাম।

এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরীসহ অন্যরা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!