ঢাকা,  শনিবার   ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত, নীলক্ষেত অবরোধ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:১২, ১০ অক্টোবর ২০২৬
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত, নীলক্ষেত অবরোধ
ছবি: সংগৃহীত

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষা শুরুর ঠিক আগমুহূর্তে এমন সিদ্ধান্তের খবর পেয়ে ক্ষুব্ধ চাকরিপ্রত্যাশীরা রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন।

শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় পরীক্ষা শুরুর কথা থাকলেও এর আগমুহূর্তে তা স্থগিত করা হয়। হঠাৎ পরীক্ষা স্থগিতের ঘোষণায় পরীক্ষাকেন্দ্রে আসা প্রার্থীদের মধ্যে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়ে। পরে তারা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান।

রাজধানীর ইডেন মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা এক চাকরিপ্রত্যাশী জানান, নিয়ম অনুযায়ী পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে প্রশ্নপত্র পাওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে প্রশ্নপত্র দেওয়া হচ্ছিল না। এদিকে পরীক্ষার সময় পেরিয়ে যাওয়ায় প্রার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। বেলা ১১টায়ও পরীক্ষা শুরু না হওয়ায় তারা কক্ষ থেকে বের হয়ে আসেন। কিছুক্ষণ পর সংশ্লিষ্ট কর্মকর্তারা এসে পরীক্ষা হবে না বলে জানান।

আরেক চাকরিপ্রত্যাশীর অভিযোগ, পরীক্ষা শুরুর আগেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বলে কিছু প্রশ্ন ছড়িয়ে পড়ে। পরে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়। আগের দিন এ বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি বলেও দাবি করেন তিনি।

ওই প্রার্থী আরও বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে পরীক্ষায় অংশ নিতে আসা অনেকের দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত খরচ হয়েছে। কেউ হোটেলে থেকেছেন, আবার কেউ আত্মীয়ের বাসায় অবস্থান করেছেন। শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিত হওয়ায় তাদের আর্থিক ক্ষতি ও ভোগান্তিতে পড়তে হয়েছে।

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় বারবার প্রশ্নফাঁসের অভিযোগ উঠছে দাবি করে এর প্রতিকার চেয়েছেন বিক্ষোভকারীরা। তাদের ভাষ্য, প্রশ্নফাঁসের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

২৪২টি পদের বিপরীতে এ নিয়োগ পরীক্ষায় সারা দেশ থেকে তিন লাখের বেশি প্রার্থীর অংশ নেওয়ার কথা ছিল। রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় নিয়োগ কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!