শেরপুরে ১৭১ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় জোরদার
শেরপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদ্যাপনে জেলার ১৭১টি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন এবং সিসি ক্যামেরার আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি মণ্ডপে যাতায়াতের জন্য ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের বিষয়েও আলোচনা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এসব বিষয়ে আলোচনা হয়। জেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ।
সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম, বিজিবির প্রতিনিধি মেজর আশিক, এসআরবির কমান্ডিং অফিসার লাবিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক এবং নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
.png)
এ ছাড়া জেলা পূজা উদ্যাপন ফ্রন্টের সভাপতি জিতেন্দ্র মজুমদার, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন, জেলা যুবদলের সভাপতি আতাহারুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন এবং জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বক্তব্য দেন।
সভায় জেলার বিভিন্ন উপজেলার পূজা উদ্যাপন ফ্রন্ট ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার, দর্শনার্থীদের চলাচল স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদ্যাপন কমিটিগুলোকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া জেলা যুবদলের পক্ষ থেকে বিশেষ মনিটরিং টিম গঠনের উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়।
বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দুর্গাপূজা উদ্যাপনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের মাধ্যমে পূজার সময় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
জেলা পূজা উদ্যাপন ফ্রন্ট সূত্রে জানা গেছে, এবার শেরপুর জেলার বিভিন্ন উপজেলায় মোট ১৭১টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।