ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

উপজেলা নির্বাচন আরো সুন্দরভাবে সম্পন্ন করতে চাই: ইসি আহসান হাবিব

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩২, ৩০ মার্চ ২০২৪
উপজেলা নির্বাচন আরো সুন্দরভাবে সম্পন্ন করতে চাই: ইসি আহসান হাবিব
ছবি: ডেইলি বাংলাদেশ

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, পূর্বের নির্বাচনগুলো গ্রহণযোগ্য হয়েছে। সেসব নির্বাচনে যে ভুলভ্রান্তিগুলো হয়েছে তা শুধরে নিয়ে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন আরো সুন্দরভাবে সম্পন্ন করতে চাই।

শনিবার বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তফসিল অনুযায়ী প্রথম ধাপে ৮ মে বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন হবে।

ইসি আহসান হাবিব বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার, প্রার্থী, গণমাধ্যমকর্মীসহ সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে। এই নির্বাচনে সাংবাদিকদের গায়ে যদি কেউ আঁচড় দেয় তার শাস্তি হবে। ছোট বিষয়েও কোনো ছাড় দেওয়া হবে না।

Advertisement

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, চুরি করলে চোরকে চোর বলুন, সে যেই হোক। স্বচ্ছতা, সততা ও সঠিকতার কোনো বিকল্প নেই। সাংবাদিকদের সঙ্গে কমিশন, র‌্যাব-পুলিশ, আনসার-ভিডিপিসহ সব প্রশাসন থাকবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা ছিল অতুলনীয়। আপনারা সঠিক তথ্য উপস্থাপন করায় সেই তথ্যকে প্রাধান্য দিয়ে অ্যাকশন নিয়েছি।

এ নির্বাচন কমিশনার বলেন, আমরা ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ বিষয়গুলো প্রচার করুন। নির্বাচনে কারো প্রভাব বিস্তারের সুযোগ নেই। আমি সংসদ সদস্যদের অনুরোধ জানিয়েছি যেন উপজেলা নির্বাচনে কোনো প্রভাব বিস্তার না করেন। আর প্রশাসনকে বলেছি যেন তারা বিনয়ের সঙ্গে ব্যবহার করেন এবং শ্রদ্ধার সঙ্গে কথা বলেন। তবে অনিয়ম-অন্যায়ের বিরুদ্ধে বল প্রয়োগ ও আইন প্রয়োগ শতভাগ অব্যাহত থাকবে।

কেন্দ্রে ভোটার ফেরাতে প্রচার প্রচারণার ব্যবস্থা করা হবে উল্লেখ করে আহসান হাবিব খান বলেন, পটুয়াখালী ও আমতলী পৌর নির্বাচনে ইভিএমএ ৮০ শতাংশ ভোট পড়েছে। কোনো প্রার্থী অভিযোগ করতে পারেনি। একটা ভোটও জালিয়াতি হয়নি।

এ সময় বরিশাল বিভাগীয় কমিশনার শওকত আলী, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জাহিদুল কবির, বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!