ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে ভোটারের সই লাগবে না

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২২, ২০ মার্চ ২০২৪
উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে ভোটারের সই লাগবে না
ফাইল ফটো

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে ভোটারের সমর্থনসূচক সইসহ তালিকা জমা দেওয়ার বিধান বাদ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এছাড়া আগামী মে মাসে হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধিমালায় কিছু সংশোধন আনা হয়েছে।

মঙ্গলবার প্রকাশিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানা গেছে। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে এসব সংশোধনী প্রজ্ঞাপন আকারে জারি করেছে সংস্থাটি। আগামী উপজেলা নির্বাচনে এসব বিধান কার্যকর হবে।

Advertisement

এতে জানানো হয়েছে, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামানতের পরিমাণ ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভাইস চেয়ারম্যান পদে জামানত ৫ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হয়েছে। এর বাইরে উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ও আচরণবিধিমালায় আরো কিছু সংশোধনী আনা হয়েছে।

সংশোধিত বিধি অনুযায়ী, প্রার্থীদের জামানত রক্ষায় প্রদত্ত ভোটের ১৫ শতাংশ ভোট পেতে হবে। এতদিন তা ছিল প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ। এ ছাড়া এবার থেকে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে অনলাইনে। প্রতীক বরাদ্দের আগে প্রার্থীরা জনসংযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালাতে পারবেন। প্রার্থীরা সাদাকালোর পাশাপাশি রঙিন পোস্টার ও ব্যানার করতে পারবেন। বিধিতে নির্বাচনের ফলাফল স্থগিত ও পুনরায় ভোটের নির্দেশ দেওয়ার বিষয়ে ইসির ক্ষমতা স্পস্ট করা হয়েছে।

আগামী মে মাসে ৪ ধাপে ৪৮১টি উপজেলা পরিষদের নির্বাচন করবে ইসি। প্রথম ধাপে আগামী ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে এবং চতুর্থ ধাপে ২৫ মে ভোট হবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: নতুন ভোটার
লিংক সফলভাবে কপি হয়েছে!