মাটি খুঁড়ে সন্ধান মিললো ২০ লাখ বছর আগের অতি বিরল ব্যাঙের
আজেন্টিনায় মাটি খুঁড়ে প্রায় ২০ লাখ বছর আগের একটি অতি প্রাচীন ও বিরল ব্যাঙের ফসিলের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। সম্প্রতি দেশটির মাতাঞ্জা ন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ থেকে এ খবর জানানো হয়েছে।
উদ্ধারকৃত ফসিলটি সম্পর্কে দেশটির ন্যাচারাল সায়েন্স মিউজিয়ামের গবেষক ফেডেরিকো অ্যাগনোলিন বলেন, “প্রাগতৈহাসিক যুগের ব্যাঙ বা এ জাতীয় প্রাণী সম্পর্কে আমরা খুবই কম জানি। ব্যাঙেরা সাধারণত পরিবেশগত দিক থেকে অনেক স্পর্শকাতর হয়ে থাকে। ফলে এই প্রাচীন ফসিল আমাদেরকে ২০ লাখ বছর আগের পৃথিবীর পরিবেশ সম্পর্কে জানতে সাহায্য করবে।”
সম্প্রতি আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেস থেকে ১৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত শহর সান পেড্রোতে একটি গভীর কূপ খনন করতে গিয়ে সন্ধান মেলে ব্যাঙটির।
অ্যাগনোলিন বলেন, ব্যাঙটির ফসিলের আকৃতি খুব বড় না হলেও এটির গড়ন বর্তমান যুগের ব্যাঙদের থেকে বেশ ভিন্ন। ধারণা করা হচ্ছে, এটি ব্যাঙটি পিলোসিন যুগের।
পিলোসিন যুগ সম্পর্কে বিজ্ঞানীদের খুব বেশি ধারণা না থাকায় ব্যাঙটি সেই সময় সম্পর্কে জানতে বেশ সহায়ক হতে পারে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
সূত্র: এনডিটিভি