বিকেলের নাস্তায় কাবলি চানাচাট
চানাচাট আমাদের সবারই ভীষণ পরিচিত এক খাবার। অঞ্চলভেদে এর নানারকম নাম। এটি মটরেরই আলাদা একটি জাত, যদিও সামঞ্জস্য বিবেচনায় ছোলার কাছাকাছি। ঢাকার যেকোনো ফুটপাথের মুখরোচক খাবার হিসেবে পরিচিত এই চানাচাট। সাধারণত স্থানীয় যেকোনো ছোটখাটো ফুডকার্টে জনপ্রিয় এই খাবারের দেখা মেলে।
নাম দেখেই বুঝা যায় চানাচাট ছোলা সহযোগে টক জাতীয় সালাদ বিশেষ। ক্ষেত্রবিশেষে বাড়তি উপাদান আকারে তেঁতুলের রস পরিবেশন করা হয়। অনেকরকম মশলার মিশ্রনই এই খাবারের অনন্য বৈশিষ্ট্য। চলার পথে ঢাকার নবাবি আমল থেকে প্রচলিত এই খাবারটি আপনার মন ও জিভকে তৃপ্তি দিতে পারবে শতভাগ। তবে রাস্তার খাবার না খেয়ে বাড়িতেও তৈরি করতে পারেন এই খাবারটি। তৈরি করাও খুব সহজ। চলুন তবে জেনে নেয়া যাক তাতে কাবলি চানাচাট তৈরির রেসিপিটি-
উপকরণ: মটরদানা দেড় কাপ, পেঁয়াজ দুইটি, টমেটো দুইটি, কাঁচা মরিচ দুই থেকে তিনটি,ধনিয়া পাতা পরিমাণ মতো, বিট লবণ এক চিমটি, জিরা গুঁড়া এক চামচ, চাট মশলা এক চামচ, গুঁড়া মরিচ আধা চামচ, লেবুর রস দুই চামচ।
.png)
প্রণালী: প্রথমে মটরগুলো ভালোভাবে ধুয়ে নিন। তারপর প্রেসার কুকারে সাত থেকে আট মিনিট মটরদানা সিদ্ধ করে নিন। ঠাণ্ডা হলে এর মধ্যে একে একে সব উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর কাঁচা মরিচ দিয়ে প্লেটে পরিবেশন করুন মজাদার কাবলি চানাচাট।