ঢাকা, রোববার ২২ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
শ্রমিক আন্দোলনের পর কারখানা চালু, অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে ওঠার
টানা শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ ও কারখানায় ভাঙচুরের পর গাজীপুরের শিল্পাঞ্চলগুলোতে আবারও স্বাভাবিক হতে শুরু করেছে উৎপাদন কার্যক্রম।
শনিবার (২১ নভেম্বর) জেলার অধিকাংশ শিল্পকারখানায় উৎপাদন চলেছে। ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও যান চলাচল ছিল স্বাভাবিক। তবে কারখানার উৎপাদন শুরু হলেও আন্দোলনের অর্থনৈতিক প্রভাব কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ রয়ে গেছে। কোথাও ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হয়েছে কারখানার অবকাঠামো, কোথাও উৎপাদন বন্ধ থাকায় ব্যাহত হয়েছে স্বাভাবিক কার্যক্রম। এর সঙ্গে অর্ডার ও পণ্য সরবরাহের সময়সূচি নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। অন্যদিকে কারখানা বন্ধ হয়ে কর্মসংস্থান হারানোর আশঙ্কায় রয়েছেন শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও শিল্পাঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখা এবং উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক করাই এখন সংশ্লিষ্টদের সামনে বড় চ্যালেঞ্জ।
গত ২৭ অক্টোবর থেকে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের সূত্রপাত হয়। পরবর্তী সময়ে মজুরি, বকেয়া পাওনা ও অন্যান্য দাবিকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় বিক্ষোভ, সড়ক অবরোধ এবং কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যন্ত শ্রীপুর, মাওনা, বাঘের বাজার, গড়গড়িয়া মাস্টারবাড়ী, আনসার রোড, ভোগড়া বাইপাসসহ বিভিন্ন এলাকায় শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। কোথাও যান চলাচল বন্ধ হয়ে যায়, কোথাও পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়।
মাওনা-শ্রীপুর সড়কের চান্নাপাড়া ও ব্যাপারীবাড়ী এলাকায় সংঘর্ষের পর পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে কয়েকজন শ্রমিক সামান্য আহত হন। বিক্ষোভের কারণে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রমও ব্যাহত হয়।
শ্রীপুরে ২৫৬ কারখানা, উৎপাদনে অধিকাংশ
গাজীপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক রবিউল ইসলাম বাঁধন জানান, গাজীপুর জেলায় মোট ৫ হাজার ৩৫৬টি কলকারখানা ও প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে শ্রীপুর উপজেলায় ২৫৬টি শিল্পকারখানা। মাওনা ইউনিয়নে ৪২টি এবং মাওনা ইউনিয়ন ছাড়া উপজেলার অন্যান্য এলাকায় রয়েছে ২১৪টি কারখানা।
তিনি বলেন, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শ্রীপুরে ২১০টি কারখানা চালু ছিল এবং সেগুলোতে উৎপাদন হয়েছে। বাকি ৪৬টি কারখানায় সাধারণ ছুটি ছিল। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় বেশির ভাগ কারখানা স্বাভাবিক নিয়মে বন্ধ ছিল। শনিবার জেলা ও শ্রীপুরের প্রায় সব কারখানায় উৎপাদন কার্যক্রম চলেছে। তাঁর জানা মতে, শ্রীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত কোনো কারখানা নেই।
তবে মাঠপর্যায়ের চিত্রে কিছু ভিন্নতা দেখা গেছে। শনিবার দুপুরে শ্রীপুর পৌরসভার এক্সকিউ লিমিটেড কারখানার প্রধান ফটকে সাদা কাগজে ‘কারখানা বন্ধ’ লেখা নোটিশ দেখা যায়। নিরাপত্তাকর্মীরা জানান, বৃহস্পতিবার শ্রমিক আন্দোলনের পর সাধারণ ছুটি ঘোষণা করা হলে কারখানাটি বন্ধ হয়ে যায়। তবে মানবসম্পদ ও প্রশাসন বিভাগের কর্মকর্তা নুরুল ইসলাম মিস্টার বলেন, শনিবার কারখানাটি চালু নাকি বন্ধ, তা তাঁর জানা নেই। তিনি ছুটিতে বাড়িতে রয়েছেন।
অন্যদিকে গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকার ডেনিম্যাক লিমিটেড কারখানার একাধিক শ্রমিক জানান, শনিবার সেখানে উৎপাদন কার্যক্রম চলেছে। তবে বৃহস্পতিবার একদল ব্যক্তি কারখানাটির সামনে ভাঙচুর চালায়। এতে কারখানার ফটক ও সিসিটিভি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।
শ্রমিকদের ভাষ্য, কারখানা বন্ধ হয়ে গেলে তাঁদের পরিবারের জীবিকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে। তাঁরা আন্দোলন বা সংঘাত চান না। তবে নিয়মিত কাজ ও আয়ের নিশ্চয়তাও তাঁদের প্রয়োজন।
ভাঙচুরের ক্ষতি, অজানা আর্থিক হিসাব
আন্দোলন চলাকালে বিক্ষুব্ধ শ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপে কয়েকটি কারখানার ফটক, দেয়ালের কাচ ও অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিউল ইসলাম বাঁধন জানান, শ্রীপুরে গ্লোবাল টি অ্যান্ড টিটি, ট্রান্স ওয়াল লিমিটেড ও ডেনিম্যাক লিমিটেড কারখানা তুলনামূলক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বড় ধরনের ক্ষতিগ্রস্ত কারখানার পূর্ণাঙ্গ তালিকা বা আর্থিক ক্ষতির সুনির্দিষ্ট হিসাব তাঁদের কাছে নেই।
তিনি আরও বলেন, অবকাঠামোগত ক্ষতির পাশাপাশি অর্ডার ও পণ্য সরবরাহ বা শিপমেন্ট নিয়ে কারখানাগুলো বেশি সমস্যায় পড়তে পারে।
অধিদপ্তরের তালিকায় থাকা ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর মানবসম্পদ ও প্রশাসন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ সম্পর্কে বক্তব্য পাওয়া যায়নি। ফলে ভাঙচুরে মোট কত টাকার ক্ষতি হয়েছে, কত দিনের উৎপাদন ব্যাহত হয়েছে কিংবা কোনো বিদেশি ক্রেতার অর্ডার পিছিয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিরাপত্তায় সতর্ক প্রশাসন
শ্রমিক অসন্তোষের পর শিল্পাঞ্চলে নতুন করে অস্থিরতা ঠেকাতে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভুঁইয়া বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার, মাওনা চৌরাস্তা, গড়গড়িয়া মাস্টারবাড়ী, তুলা উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদারে একাধিক দল কাজ করছে। শনিবার সকাল থেকে কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চল শান্ত রয়েছে এবং উৎপাদন কার্যক্রম চলছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গাজীপুরের উপপরিচালক মো. আশিকুজ্জামান জানান, জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।
এর আগে বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা জানিয়েছিলেন, শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন সদস্য মোতায়েন ছিলেন। এর মধ্যে ১২ প্লাটুন বিজিবি, ১৩ প্লাটুন আনসার ও ১০ প্লাটুন এসআরবি সদস্য দায়িত্ব পালন করেন।
এদিকে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত মহানগর পুলিশের আটটি থানা ও গোয়েন্দা বিভাগ অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা বা সহযোগিতার অভিযোগে পাঁচজন, একজন ছিনতাইকারী এবং বিভিন্ন রাজনৈতিক দলের ১০ জন রয়েছেন।
জিএমপি কমিশনার মো. আশিক সাঈদ জানান, ৮ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত নাশকতাসহ বিভিন্ন অভিযোগে প্রায় ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শিল্পকারখানাকেন্দ্রিক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং নাশকতা, অগ্নিসংযোগ ও গুজব ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
উৎপাদন চালু হলেই কি ফিরবে স্বাভাবিকতা?
শিল্পাঞ্চলে কারখানা চালু হওয়া স্বস্তির বিষয় হলেও উৎপাদন কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হয়েছে কি না, তা নির্ভর করছে শ্রমিকদের নিয়মিত উপস্থিতি, মালিকপক্ষের উৎপাদন সক্ষমতা, ক্রেতাদের অর্ডার এবং নির্ধারিত সময়ে পণ্য সরবরাহের ওপর। আন্দোলনের সময় যেসব কারখানায় উৎপাদন বন্ধ ছিল, সেগুলোর উৎপাদন ঘাটতি কতটা পূরণ করা সম্ভব হবে, তা এখনো স্পষ্ট নয়।
একই সঙ্গে শ্রমিকদের বকেয়া পাওনা, কর্মপরিবেশ ও অন্যান্য দাবি নিয়ে অসন্তোষের কোনো বিষয় অবশিষ্ট আছে কি না, সেটিও গুরুত্বপূর্ণ। শ্রমিকদের দাবি ও মালিকপক্ষের অবস্থানের মধ্যে সমন্বয় না হলে ভবিষ্যতে আবারও অস্থিরতা দেখা দেওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
সব মিলিয়ে গাজীপুরের শিল্পাঞ্চলে আপাতত উৎপাদন ও যোগাযোগব্যবস্থা স্বাভাবিক হতে শুরু করলেও আন্দোলনের অর্থনৈতিক প্রভাব কতটা কাটিয়ে ওঠা সম্ভব হবে, তা নির্ভর করছে ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর পুনরুদ্ধার, অর্ডার ও শিপমেন্ট স্বাভাবিক রাখা এবং শ্রমিক-মালিক সম্পর্কের স্থিতিশীলতার ওপর।