শহিদুলের জামিন শুনানি আগামী সপ্তাহে
তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় আলোকচিত্রী শহিদুল আলমের জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। এই আবেদনের ওপর আগামী সপ্তাহের যেকোনো দিন শুনানি হতে পারে বলে জানিয়েছেন আদালত সূত্র।
গতকাল মঙ্গলবার শহিদুল আলমের পক্ষে এই জামিন আবেদন দাখিল করেন ব্যারিস্টার সারাহ হোসেন। আগামী সপ্তাহে বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি খোন্দকার দিলুরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই শুনানি হবে।
আজ আবেদনটি শুনানির জন্য আরজি জানানো হয়। আদালতে শহিদুল আলমের পক্ষে ছিলেন ব্যারিস্টার সারাহ হোসেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।
সূত্র জানায়, এ মামলায় তার জামিন আবেদন ৬ আগস্ট নামঞ্জুর করেন ঢাকা ঢাকার মুখ্য মহানগর হাকিম। গত ১৪ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করা হলে ১১ সেপ্টেম্বর শুনানির জন্য দিন ধার্য করা হয়। এরপর ১৯ আগস্ট শুনানির তারিখ এগোনোর জন্য আবেদন করা হলে তা গ্রহণ করেননি আদালত। এ অবস্থায় ২৬ আগস্ট শহিদুল আলমের অন্তর্বর্তীকালীন জামিন চাইলে ওই আদালত শুনানির জন্য তা গ্রহণ করেননি। এ অবস্থায় গতকাল হাইকোর্টে তার জামিন চেয়ে আবেদন করা হয়।
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ‘উসকানিমূলক মিথ্যা’ প্রচারের অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় ৬ আগস্ট শহিদুল আলমকে সাত দিনের রিমান্ডে নেয় পুলিশ। এর আগের দিন রাতে ধানমন্ডির বাসা থেকে তাকে তুলে নেয় ডিবি। সাত দিনের রিমান্ড শেষে গত ১২ আগস্ট শহিদুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন নিম্ন আদালত।
ডেইলি বাংলাদেশ/এসআই