জামিন পেলেন ফারিয়া মাহজাবিন
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগের মামলায় কফি শপের মালিক ফারিয়া মাহজাবিনকে জামিন দিয়েছে আদালত।
মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আমিনুল হক চৌধুরী পাঁচ হাজার টাকা মুচলেকায় এ জামিন মঞ্জুর করেন।
জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মকবুল হোসেন। আদালতে ফারিয়ার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. জায়েদুল ইসলাম, জ্যোতির্ময় বড়ুয়া ও রিপন কুমার বড়ুয়া।
এর আগে রাজধানীর হাজারীবাগ থানায় তথ্যপ্রযুক্তি আইনের মামলায় তিন দিনের রিমান্ডে ছিলেন তিনি।
ফারিয়া মাহজাবিন ধানমণ্ডিতে নার্ডি বিন কফি হাউস নামে একটি কফি শপ চালান। তার স্বামীর নাম মোহাম্মদ রিয়াসাত। ফারিয়া খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। তার বিরুদ্ধে ফেসবুকে উস্কানিমূলক বক্তব্য ও গুজব ছড়ানোর অভিযোগ আনা হয়।
রাজধানীর পশ্চিম ধানমণ্ডির হাজি আফসার উদ্দিন রোড এলাকায় ১৬ আগস্ট রাত পৌনে ১১টার দিকে ফারিয়াকে গ্রেফতার করে র্যাব।
ডেইলি বাংলাদেশ/জেডআর/এমআরকে