মানি লন্ডারিং মামলার পর এবার হত্যাচেষ্টা মামলায় দিলীপ
মানি লন্ডারিং মামলায় এক দিনের রিমান্ড শেষে এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আ. জব্বারকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। একই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. সুমন মিয়া ঢাকার আদালতে পৃথক দুটি আবেদন করেন। এদিন দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলশান থানার মানি লন্ডারিং মামলায় এক দিনের রিমান্ড শেষে দিলীপ আগরওয়ালকে আদালতে হাজির করা হবে। এরপর উত্তরা পশ্চিম থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো ও রিমান্ডের আবেদনের বিষয়ে শুনানি হবে।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেষ দিনে দুপুর ১২টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন শিক্ষার্থী আ. জব্বার। ওই বছরের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
পরবর্তী সময়ে কিছুটা সুস্থ বোধ করলে ২০২৫ সালের ২৭ মার্চ উত্তরা পশ্চিম থানায় হত্যাচেষ্টা মামলা করেন আ. জব্বার। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়।
এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেপ্তার করেছিল র্যাব। পরে ২০২৫ সালের ১ অক্টোবর জামিনে কারামুক্ত হন তিনি। তার মুক্তি নিয়ে সে সময় ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।
সর্বশেষ গত ১৯ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর বনানী এলাকা থেকে মানি লন্ডারিং মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২০ অক্টোবর ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।