৭ হাজার একর জমি দখলচেষ্টাকারীর বিরুদ্ধে মামলার নির্দেশ
মৌলভীবাজারের হাকালুকি হাওরে সরকারের বন বিভাগের সঙ্গে অদল বদল করে মৎস্য অধিদফতরের পাওয়া ৭ হাজার একর সরকারি জমি দখলের চেষ্টার অভিযোগ এসেছে। এছাড়া অভিপ্রায়ে আগের রিট গোপন করে আবারো রিট করায় কক্সবাজারের শহিদুল ইসলাম লিটনের বিরুদ্ধে মামলা করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্ট রেজিস্টারকে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে বলা হয়েছে।
বুধবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলুরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন। নথি জাল, মন্ত্রণালয়ের সিল ও তথ্য গোপন করে একাধিক রিট আবেদন করার অভিযোগে হাইকোর্ট এ আদেশ দিয়েছেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত। তিনি জানান, ৭ হাজার একর সরকারি জমি দখলের জন্য জালিয়াতির মাধ্যমে ভুয়া নথিপত্র তৈরি করার অভিযোগে একাধিক রিটকারি শহীদুল ইসলাম লিটনের বিরুদ্ধে মামলা করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন আদালত।
আইনজীবী জানান, ২০১৮ সালে একটি রিট করেন শহীদুল ইসলাম লিটন। ওই রিট গোপন করে আবার একটি রিট করেন। এসব বিষয় জানাজানি হওয়ার পরে আদালত তাকে তলব করেন। তলবে গত ২৩ নভেম্বর আদালতে সশরীরে উপস্থিত হন। ঐদিন তিনি আদালতে মৌখিকভাবে ক্ষমা প্রার্থনা করেন। কিন্তু আদালত তার মৌখিক আবেদন নাকচ করে লিখিত ক্ষমা প্রার্থনা (এফিডেভিট আকারে) করতে বলেন। কিন্তু মামলার নির্ধারিত দিনের আগে, এমনকি আজও তিনি আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেননি। আদালতে সশরীরে উপস্থিত থাকার কথা থাকলেও হননি। তাই আদালত এই আদেশ দেন।
এর আগে, রিটকারীর আইনজীবীর পক্ষ থেকে বহুবার যোগাযোগ করা হলেও শহীদুল যোগাযোগ করেননি। তাই আইনজীবীও নিজেকে তার (শহীদুলের) পক্ষ থেকে প্রত্যাহার করে নেন।
এরপর বিষয়টি আদালতে জানানোর পর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একাধিক রিটকারী শহিদুল ইসলাম লিটনের রিট আবেদন খারিজ করে দিয়েছেন। পাশাপাশি তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে নির্দেশ দিয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, রিটকারী শহীদুল ইসলাম লিটনের বিরুদ্ধে কক্সবাজারে ৭ হাজার একর জমি দখলের জন্য জাল কাগজ, মন্ত্রণালয়ের সিল জালিয়াতি, তথ্য গোপন করে একাধিক রিট দায়েরের বিষয়টি আদালতের নজরে আসায় আদালত এ আদেশ দেন।