করোনার জন্য হাসপাতাল বানাচ্ছেন আব্দুস সাত্তার
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১২শ’ জনের বেশি। এরইমধ্যে মৃত্যু হয়েছে অর্ধশত রোগীর। এমন পরিস্থিতিতে নিজের হাসপাতাল করোনা রোগীদের চিকিৎসায় দিতে চান ফেনী ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস সাত্তার।
বুধবার দুপুরে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে নির্মাণাধীন ৪৪ হাজার বর্গফুট আয়তন ও ২০টি আইসিইউ বেড সম্বলিত কলম্বিয়া হাসপাতাল পরিদর্শন করেছেন জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
সমাজসেবক আব্দুস সাত্তার এরইমধ্যে ফেনীতে ডায়াবেটিস হাসপাতাল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, ফেনী ইউনিভার্সিটিসহ কয়েকটি সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।
.png)
তিনি বলেন, করোনাভাইরাস মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। তবে সরকারের একার পক্ষে এ পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব নয়। এ জন্য সবাইকে সচেতন হতে হবে। সামর্থ্য অনুযায়ী সবাইকে এগিয়ে আসতে হবে।
আব্দুস সাত্তার আরো বলেন, কলম্বিয়া হাসপাতালের ৩০টি বেড এরইমধ্যে প্রস্তুত করা হয়েছে। আইসিইউ’র কাঠামোও সম্পূর্ণ তৈরি। স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন হাসপাতাল পরিদর্শন করেছে। আমি এ হাসপাতাল করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় ব্যবহার করতে চাই।