ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ আর নেই

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৯, ২৮ সেপ্টেম্বর ২০২৬
মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ আর নেই
সংগৃহীত ছবি

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী মারা গেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।

পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানানো হয়নি।

Advertisement

মালয়েশিয়ার চিকিৎসা ও জনস্বাস্থ্য খাতের অন্যতম পরিচিত ব্যক্তিত্ব ছিলেন সিতি হাসমাহ। তিনি দেশটির প্রথমদিকের মালয় নারী চিকিৎসকদের একজন। সিঙ্গাপুরের কিং এডওয়ার্ড সপ্তম কলেজ অব মেডিসিনে পড়াশোনা শেষে চিকিৎসা, জনস্বাস্থ্য ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘ কর্মজীবন কাটান তিনি। গ্রামীণ স্বাস্থ্যসেবা এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

১৯৫৬ সালে মাহাথির মোহাম্মদের সঙ্গে তার বিয়ে হয়। মাহাথিরের দুই দফা প্রধানমন্ত্রিত্বের সময় তিনি দেশটির ফার্স্ট লেডি হিসেবে জনপরিসরে সক্রিয় ছিলেন। জনকল্যাণমূলক নানা কর্মকাণ্ডের পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা ও সামাজিক উদ্যোগেও যুক্ত ছিলেন।

১৯২৬ সালের ১২ জুলাই জন্ম নেওয়া সিতি হাসমাহ গত জুলাইয়ে ১০০ বছরে পা দেন। মৃত্যুর সময় তিনি স্বামী মাহাথির মোহাম্মদ ও সাত সন্তান রেখে গেছেন।

 

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!