সম্প্রতি ভারতের রাজধানী দিল্লির টেগোর গার্ডেনের রঘুবীর নগর এলাকায় এ ঘটনাটি ঘটে। আটক হওয়া দম্পতির নাম সঞ্জয় গুপ্ত এবং অনিতা গুপ্ত। পেশায় তারা ট্যাটু এবং মেহেদি আর্টিস্ট।
পুলিশ জানিয়েছে, ওই দম্পতির ১৭ বছর বয়সী এক পুত্র ছিল। গত বছর আগস্টে ছাদ থেকে পড়ে মৃত্যু হয় তার। দম্পতির কন্যার বয়স ১৫ বছর। রাখিপূর্ণিমায় প্রতি বছর ভাইকেই রাখি পরাত সে। কিন্তু এবার ভাই না থাকায় রাখির আগে বাবা, মায়ের কাছে ভাই এনে দেওয়ার আবদার করেছিল সে। সেই আবদার মেটাতেই শিশু চুরির পরিকল্পনা করেন দম্পতি।
.png)
গত বৃহস্পতিবার ভোর ৪টে ৩৪ মিনিটে পুলিশের কাছে এক শিশুর অপহরণের অভিযোগ জমা পড়ে। পুলিশ জানতে পারে অপহৃত শিশুর বয়স এক মাস। তার মা প্রতিবন্ধী। বাবা এবং মায়ের সঙ্গে ফুটপাতেই থাকছিল শিশুটি। রাতে তাকে তুলে নিয়ে যান দম্পতি।
পুলিশকে শিশুটির বাবা জানিয়েছেন, রাত ৩টা নাগাদ তাদের ঘুম ভেঙে গিয়েছিল। তারা দেখেন, তাদের সন্তান নেই। এর পর পুলিশের কাছে ছুটে যান তারা। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের খোঁজ পান। তাদের পরিচয় পাওয়ার জন্য অন্তত ৪০০টি ফুটেজ ঘাঁটতে হয়েছে পুলিশকে। অভিযুক্ত দম্পতিকে এর পর গ্রেফতার করা হয়। অপহৃত শিশুকেও উদ্ধার করে পুলিশ।
আটক দম্পতি পুলিশকে জানিয়েছেন, শিশুটিকে নিজের সন্তানের মতো মানুষ করার ইচ্ছা ছিল তাদের।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, আনন্দবাজার