ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

১০ পয়সায় বিরিয়ানি, অচল মুদ্রা নিয়ে রেস্তোরাঁর সামনে দীর্ঘলাইন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৪৮, ১২ অক্টোবর ২০২০
১০ পয়সায় বিরিয়ানি, অচল মুদ্রা নিয়ে রেস্তোরাঁর সামনে দীর্ঘলাইন
১০ পয়সায় বিরিয়ানি, অচল মুদ্রা নিয়ে রেস্তোরাঁর সামনে দীর্ঘলাইন-সংগৃহীত ছবি।

১০ পয়সায় মিলবে এক প্লেট বিরিয়ানি। সোশ্যাল মিডিয়ায় খবরটি ছড়িয়ে পড়তেই তামিলনাড়ুর তিরুচি শহরের বিখ্যাত কে এম এস হাকিম বিরিয়ানি রেস্তোরাঁয় জড়ো হন মানুষ। করোনাভাইরাসের ভয়কে তুড়ি মেরে দূরত্ব না মেনেই সৃষ্টি হয় দীর্ঘ লাইন। আর বিরিয়ানি কিনতে সবাই নিয়ে আসেন অচল ১০ পয়সা।

১১ অক্টোবর বিশ্ব বিরিয়ানি দিবস উপলক্ষেই এমন বাম্পার সুযোগ চলে আসে। শুধু একদিনের জন্যই এ সুযোগ দেয়া হয়।

খবর পেয়ে শহরের বিখ্যাত কে এম এস হাকিম বিরিয়ানির রেস্তোরাঁতে সকাল ৯ টা থেকেই মানুষের লাইন পড়ে যায়। সেই লাইনে ছিলেন সব বয়সের পুরুষ, নারী। কিন্তু ঘোষণা মতো পেয়েছেন প্রথম ১০০ জন।

ঘোষণা অনুযায়ী, অনেককাল আগে বাতিল হয়ে যাওয়া ১০ পয়সায় কিনতে হবে এক প্লেট বিরিয়ানি। বাতিল হয়ে যাওয়া ১০ পয়সা জোগাড় করাও তো সহজ নয়। অনেক ক্রেতাই খুঁজে তবেই পেয়েছেন অচল ১০ পয়সা।

রেস্তোরাঁর মালিক কে এম এস মাইদিন সস্তায় বিরিয়ানি বিক্রি নিয়ে বলেন, বিশ্ব বিরিয়ানি দিবসে কোভিড যোদ্ধাদের সম্মান জানানোই আমাদের লক্ষ্য ছিল। সেই কারণে আগে থেকে টোকেন দেয়া ১১০ জন কোভিড যোদ্ধাকে মাত্র ১ টাকার বিনিময়ে বিরিয়ানি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। সেই সঙ্গে চিন্তা করি, বাকিদেরও একটা সুযোগ দেয়া হোক। ঠিক হয়, এখনো যাদের কাছে বাতিল হওয়া ১০ পয়সা রয়েছে তাদেরই এ সুযোগ দেয়া হবে।

তিরুচি শহরে কে এম এস হাকিম বিরিয়ানির দুটি কাউন্টার রয়েছে। একটি থিলাই নগরে ও অন্যটি পালাক্কারিতে। থিলাই নগরের কাউন্টার থেকে ১০ পয়সায় প্যাকেট করা বিরিয়ানি বিক্রি হয়। আর পালাক্কারিতে ১ টাকায় বিরিয়ানি দেওয়ার জন্য পুলিশ, পুরসভা, স্বাস্থ্য ক্ষেত্রে কাজ করা কোভিড যোদ্ধাদের আমন্ত্রণ জানানো হয়। মেনুতেও ফারাক ছিল। ১০ পয়সায় মিলেছে শুধুই এক প্যাকেট বিরিয়ানি। কিন্তু কোভিড যোদ্ধাদের জন্য মেনুতে বিরিয়ানির সঙ্গে ছিল চিকেন-৬৫ ও মিষ্টি।

রেস্তোরাঁর কর্তৃপক্ষ থেকে জানানো হয়, আগামীতে এমন উদ্যোগ আবারো নেয়া হবে। তাই সস্তায় অনেক মানুষ সস্তার বিরিয়ানি খেতে পারবেন। এ বার নাম মাত্র দামে বিরিয়ানি কেনার জন্য অনেক মানুষ এলেও সবাইকে দেয়া যায়নি। অনেকে ফিরে গেছেন। আগামী বিরিয়ানি দিবসে আরো বেশি মানুষকে সস্তায় বিরিয়ানি দেয়ার উদ্যোগ নেয়া হবে।

সূত্র-আনন্দবাজার অনলাইন। 

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!