ইরানের বিরুদ্ধে আইএইএ’র প্রস্তাব পাস
ইরানের বিরুদ্ধে একটি সমালোচনামূলক প্রস্তাব পাস করেছে জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি (আইএইএ)। ২০১২ সালে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা চুক্তি নিয়ে সৃষ্ট উত্তেজনার পর দেশটির বিরুদ্ধে এই প্রথম এ ধরণের প্রস্তাব পাস করলো সংস্থাটির বোর্ড অব গভর্নররা।
প্রস্তাবটিতে বলা হয়েছে, ইরানকে অবশ্যই তাদের দুটি পরমাণু স্থাপনায় আইএইএ’র পরিদর্শকদের তাত্ক্ষণিক প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। এছাড়া ওই দুই স্থাপনায় দেশটি অঘোষিত পারমাণবিক পদার্থ সংরক্ষণ বা ব্যবহার করেছে কিনা সেটিও নিশ্চিত করতে বলা হয়েছে।
আইএইএ’র সঙ্গে সম্পূর্ণরূপে সহযোগিতামূলক আচরণ করার জন্য ইরানকে বলা হয়েছে। এছাড়া আর বিলম্ব না করে ইরান যাতে সংস্থাটির সব অনুরোধগুলো পূরণ করে সেটিও উল্লেখ করা হয়েছে।
.png)
এর আগে, গত জানুয়ারি মাসে ইরান আইএইএ-কে জানায় যে, ইরানের পরমাণু কর্মসূচির ক্ষেত্রে এখন আর কোনো সীমাবদ্ধতা থাকবে না। এরপর থেকে সংস্থাটির কোনো পরিদর্শককে নিজেদের কোনো পরমাণু স্থাপনায় প্রবেশাধিকার দেয়নি ইরান।
এদিকে ইরানের বিরুদ্ধে আইএইএ’র এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে চীন ও রাশিয়া। এই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে এই দুই দেশ।
ইউরোপের তিন দেশ ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি এই প্রস্তাবের খসড়া তৈরি করে। এই কাজে যুক্তরাষ্ট্র দেশগুলোকে সহায়তা করেছে। ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ প্রায় শেষের পথে। ঠিক সে সময়েই ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানির পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে এমন প্রস্তাব তোলা হয়েছে।
চলতি সপ্তাহের শুরুতে আইএইএ’র এমন পদক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটি জানায়, এ জাতীয় পদক্ষেপ নেয়া হলে তার ফলাফল প্রতিবাদমূলক হবে। এছাড়া এর বিরুদ্ধে দেশটি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানানো হয়।
সূত্র- ডেইলি সাবাহ