দেশে আসুসের নতুন দুই ‘এক্সপার্টবুক আলট্রা’
দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, শক্তিশালী প্রসেসর ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধা নিয়ে বাংলাদেশের বাজারে নতুন দুটি ল্যাপটপ এনেছে আসুস। ‘এক্সপার্টবুক আলট্রা ৫’ ও ‘এক্সপার্টবুক আলট্রা ৭’ নামের মডেল দুটির লক্ষ্য মূলত পেশাজীবী ও ব্যবসায়িক ব্যবহারকারী।
রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ল্যাপটপ দুটির বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরেন আসুস ও বাংলাদেশে প্রতিষ্ঠানটির পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড পিএলসির কর্মকর্তারা।
আসুসের ভাইস প্রেসিডেন্ট ও এশিয়া প্যাসিফিক কমার্শিয়াল বিজনেসের মহাব্যবস্থাপক রেক্স লি বলেন, আধুনিক পেশাজীবীদের কর্মক্ষমতার পাশাপাশি হালকা গড়ন, নকশা ও নিরাপত্তার সমন্বয় প্রয়োজন। এক্সপার্টবুক আলট্রার মাধ্যমে এসব সুবিধা একসঙ্গে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
.png)
অনুষ্ঠানে জানানো হয়, এক্সপার্টবুক আলট্রার নকশা করা হয়েছে প্রিমিয়াম বাণিজ্যিক জেটের ডানা থেকে। হালকা–পাতলা গড়নের পাশাপাশি ল্যাপটপটির নকশায় দৃঢ়তার বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে। এটি মুন গ্রে ও জেট ফগ—দুটি রঙে পাওয়া যাবে। এক্সপার্টবুক আলট্রার ওজন এক কেজির কম এবং পুরুত্ব ১০ দশমিক ৯ মিলিমিটার। ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর আলট্রা এক্স৯ প্রসেসর ও ইন্টেল আর্ক বি৩৯০ গ্রাফিকস। ল্যাপটপটির পর্দার রিফ্রেশ রেট ৩০ থেকে ১২০ হার্টজ।
একবার পূর্ণ চার্জে এক্সপার্টবুক আলট্রা সর্বোচ্চ ২৬ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। শুধু তা নয়, দ্রুত চার্জিং সুবিধা থাকায় মাত্র ৩০ মিনিটে ল্যাপটপটির ব্যাটারি ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করা যায়।
ল্যাপটপটির স্থায়িত্বের বিভিন্ন দিকও অনুষ্ঠানে তুলে ধরা হয়। আয়োজকেরা জানান, এক্সপার্টবুক আলট্রা ১০০ কেজি পর্যন্ত ওজন সহ্য করতে সক্ষম। এছাড়া ১২০ সেন্টিমিটার উচ্চতা থেকে পড়ে গেলে বা কি-বোর্ড ও মাউসপ্যাডে পানি পড়লেও ল্যাপটপটির কোনো ক্ষতি হয় না।
বাংলাদেশের বাজারে এক্সপার্টবুক আলট্রা ৫-এর দাম ধরা হয়েছে ২ লাখ ২০ হাজার টাকা এবং এক্সপার্টবুক আলট্রা ৭-এর দাম ধরা হয়েছে ৩ লাখ ২০ হাজার টাকা।