ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

ফোনের ক্যামেরা-স্ক্রিনও নিয়ন্ত্রণে নিতে পারে ম্যালওয়্যার

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:৩৮, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ফোনের ক্যামেরা-স্ক্রিনও নিয়ন্ত্রণে নিতে পারে ম্যালওয়্যার
ছবি: সংগৃহীত

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কতা জারি করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। তাদের দাবি, ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামে একটি বিপজ্জনক ম্যালওয়্যার খুব অল্প সময়ের মধ্যেই স্মার্টফোনের গুরুত্বপূর্ণ ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান জিম্পেরিয়ামের গবেষকদের তথ্য অনুযায়ী, এটি ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি), হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম বার্তাসহ নানা সংবেদনশীল তথ্য চুরি করতে সক্ষম।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ম্যানট্যাক্স ওট্যাক্সের মধ্যে স্পাইওয়্যার, র‍্যানসমওয়্যার এবং রিমোট অ্যাকসেসের মতো একাধিক ক্ষতিকর সক্ষমতা রয়েছে। ফলে ফোনে ম্যালওয়্যারটি প্রবেশ করলে তথ্য চুরির পাশাপাশি ডিভাইসের ওপরও দূর থেকে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে সাইবার অপরাধীরা।

Advertisement

গবেষকদের মতে, ম্যালওয়্যারটি স্মার্টফোনে আসা এসএমএসের নোটিফিকেশন পড়তে পারে। এর মাধ্যমে ব্যাংকিং, অনলাইন সেবা বা আর্থিক লেনদেনের সময় পাঠানো ওটিপি অপরাধীদের হাতে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া এটি ফোনের কল হিস্টোরি, কন্টাক্ট লিস্ট, ব্রাউজিং হিস্টোরি, ইনস্টল করা অ্যাপ, অবস্থানসংক্রান্ত তথ্য এবং গুগল অ্যাকাউন্টের বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারে।

ম্যালওয়্যারটির আরও ভয়ংকর সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন গবেষকেরা। ব্যবহারকারীর অজান্তে ফোনের স্ক্রিনে কী ঘটছে তা পর্যবেক্ষণ করতে পারে এটি। অ্যান্ড্রয়েডের মিডিয়া প্রজেকশন সুবিধা কাজে লাগিয়ে স্ক্রিনের তথ্য ধারণ ও সংরক্ষণ করা সম্ভব। এমনকি ফোনের সামনের ও পেছনের ক্যামেরা গোপনে চালু করে ছবি তুলে তা সাইবার অপরাধীদের কাছে পাঠানোর সক্ষমতাও রয়েছে।

জিম্পেরিয়ামের গবেষকেরা জানান, গুগল প্লে স্টোরের বাইরে থাকা বিভিন্ন তৃতীয় পক্ষের প্ল্যাটফর্মে ছড়িয়ে থাকা ক্ষতিকর APK ফাইলের মাধ্যমে ম্যানট্যাক্স ওট্যাক্স ছড়ানো হচ্ছে। ফিশিং লিংক, মেসেজিং প্ল্যাটফর্ম এবং বিভিন্ন সামাজিক প্রকৌশলভিত্তিক প্রতারণার মাধ্যমেও ব্যবহারকারীদের ডিভাইসে এটি প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, অ্যান্ড্রয়েড ৯ বা এর আগের সংস্করণে চলা ফোনগুলো তুলনামূলক বেশি ঝুঁকিতে রয়েছে। তবে নতুন সংস্করণের ব্যবহারকারীরাও পুরোপুরি নিরাপদ নন।

তাই অচেনা বা সন্দেহজনক উৎস থেকে APK ফাইল ডাউনলোড না করা, ফোনে Google Play Protect চালু রাখা এবং নিয়মিত সিকিউরিটি আপডেট ইনস্টল করার পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!