হুমায়ূন আহমেদের শেষ সময় কাটানো সেই বাড়িতে আগুন
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ধানমন্ডির ‘দখিন হাওয়া’ বাসভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে বাড়ির লোকজন।
রোববার সকালে ধানমন্ডি ৩/এ-এর ৪৮ নম্বর বাড়ির তৃতীয় তলায় এ আগুন লাগে।
প্রয়াত এই লেখকের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন জানান, আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ছাদে উঠে যান। বিল্ডিংয়ের সিঁড়ি ধোঁয়ায় আচ্ছন্ন থাকায় আমরা নিচে নামতে পারছিলাম না। ৯৯৯ নম্বরে কল করে ফায়ার সার্ভিসের সহযোগিতা চাই। আমরা এখন নিরাপদ আছি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিবেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল ৮টা ৩৩ মিনিটে ফোনে আগুন লাগার সংবাদ পাই। তখনই ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়। তবে বাড়ির লোকজন মুহূর্তেই আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা গিয়ে কোনো আগুন দেখতে পাইনি।
তিনি জানান, আগুনে কেউ হতাহত হয়নি। ওই ভবনের তৃতীয় তলার একটি কক্ষে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে। তবে ওই বাসায় কী পরিমাণ ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ধানমণ্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম বলেন, দখিন হাওয়া ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছিল এবং দ্রুতই তা নিভে গেছে। ওই ভবনের ষষ্ঠ তলার ফ্ল্যাটে মেহের আফরোজ শাওন থাকেন।
কথাশিল্পী হুমায়ূনের জীবনের শেষ কয়েকটি বছর ধানমণ্ডির এই দখিন হাওয়াতেই কেটেছে। ২০১২ সালে তার মৃত্যুর পরও দুই ছেলে নিষাদ ও নিনিতকে নিয়ে এই বাড়ির ষষ্ঠ তলার ফ্ল্যাটে থাকছেন নিষাদ ও নিনিতের মা শাওন।