গাজীপুরে পাঁচ অপহরণকারী আটক
গাজীপুরের নলজানি এলাকা থেকে অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় অপহৃত পল্লী বিদ্যুৎ কর্মকর্তা মো. হারুন-অর-রশিদকে উদ্ধার করা হয়।
আটকরা হলেন- সাতক্ষীরার দেবহাটা উপজেলার মো. আজহার রহমানের ছেলে মো. শাহিন আলম, শেরপুরের শ্রীবরদী উপজেলার বেলুয়া গ্রামের মো. বেলালের ছেলে মো. সোহেল, তার স্ত্রী সাহিদা বেগম, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার শ্রী রবি চন্দ্র দাসের ছেলে শ্রী সঞ্জয় কুমার দাস ও ময়মনসিংহের ধোবাউড়া থানার মো. সাইফুল ইসলামের মেয়ে সাবিনা আক্তার বর্ষা। অপহৃত হারুন-অর-রশিদ চাঁপাইনবাবগঞ্জের ধুমিহায়াতপুর এলাকার মো. বাবর আলীর ছেলে।
শুক্রবার দুপুরে র্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, ২৩ অক্টোবর বিকেলে গাজীপুরের শিববাড়ি এলাকা থেকে অজ্ঞাত সাত-আটজন অপহরণকারী হারুন-অর-রশীদকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান। অপরহরণকারীরা তাকে আটকে রেখে মারধর করে এবং পাঁচ লাখ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর নেন।
২৪ অক্টোবর মোবাইল ফোনে ভিকটিমের স্ত্রীর কাছে মুক্তিপণের পাঁচ লাখ টাকা দাবি করেন অন্যথায় ভিকটিমকে হত্যার হুমকি দেন। উপায় না দেখে হারুনের স্ত্রী বিকাশের মাধ্যমে ২৫ হাজার টাকা দেন এবং ঘটনাটি র্যাবকে জানান।
পরে নলজানি এলাকার পালের মাঠের স্থানীয় ডা. আব্দুল আউয়ালের বাড়িতে অভিযান চালায় র্যাব। এ সময় ওই বাড়ির দ্বিতীয় তলা থেকে হারুন-অর-রশিদকে উদ্ধার ও পাঁচ অপহরণকারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি ডিজিটাল ক্যামেরা, ছয়টি মোবাইল ও তিনটি লিখিত স্ট্যাম্প উদ্ধার করা হয়।