ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

শাহরুখ খানের ৬১তম জন্মদিনে নিভৃতে থাকার সিদ্ধান্ত

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:০৬, ২৯ অক্টোবর ২০২৬
শাহরুখ খানের ৬১তম জন্মদিনে নিভৃতে থাকার সিদ্ধান্ত
শাহরুখ খান।। ছবি: সংগৃহীত

বলিউডের বাদশা শাহরুখ খানের জন্মদিন মানেই অনুরাগীদের কাছে এক বড় উৎসব। প্রতি বছর ২ নভেম্বর প্রিয় তারকার এক ঝলক দেখতে মুম্বাইয়ের বান্দ্রায় তার বাড়ি ‘মান্নাত’-এর সামনে ভিড় জমান হাজার হাজার ভক্ত। তবে এ বছর সেই চেনা চিত্রে বদল আসছে।

৬১তম জন্মদিনে অনুরাগীদের সঙ্গে বার্ষিক সাক্ষাৎ ও আলাপচারিতার অনুষ্ঠানের আয়োজন করছেন না এই অভিনেতা। এর পেছনের মূল কারণ তার আগামী সিনেমা ‘কিং’-এর কাজ। শুটিংয়ের ব্যস্ততার কারণে এ বছর জন্মদিনে অনুরাগীদের সঙ্গে দেখা করার জন্য প্রয়োজনীয় সময় বের করতে পারছেন না শাহরুখ।

তবে ভক্তদের জন্য বিকল্প কোনো বড় আয়োজন করা যায় কি না, তা নিয়ে ভাবনাচিন্তার ইঙ্গিত মিলেছে। শাহরুখের জন্মদিন ঘিরে অনুরাগীদের উন্মাদনা নতুন কিছু নয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তো বটেই, বিদেশ থেকেও বহু ভক্ত এই বিশেষ দিনে মুম্বাইয়ে হাজির হন। প্রিয় অভিনেতাকে একবার চোখের দেখা দেখতে মান্নাতের সামনে অপেক্ষা করেন তারা। সেই আবেগের কথা মাথায় রেখেই প্রতি বছর জন্মদিনে অনুরাগীদের সঙ্গে দেখা করার বিশেষ আয়োজন করা হয়।

কিন্তু এ বার পরিস্থিতি কিছুটা আলাদা। শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে ফ্যান ক্লাবগুলোকে জানানো হয়েছে, সিনেমার কাজের চূড়ান্ত পর্যায়ে থাকায় আগামী ২ নভেম্বর নির্ধারিত অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হচ্ছে না। এমনকি আরও বেশি সংখ্যক অনুরাগীকে জায়গা দিতে বড় কোনো ভেন্যুতে অনুষ্ঠান করার পরিকল্পনাও করা হয়েছিল।

অনুরাগীদের হতাশার কথা মাথায় রেখে শাহরুখের টিমের পক্ষ থেকে দুঃখপ্রকাশও করা হয়েছে। একই সঙ্গে আশার কথাও শুনিয়েছে অভিনেতার টিম। সিনেমার মুক্তির আগে আরও বড় পরিসরে অনুরাগীদের সঙ্গে দেখা করার কোনো সুযোগ তৈরি করা যায় কি না, তা নিয়ে ভবিষ্যতে ভাবনাচিন্তা করা হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!