মানহানির অভিযোগে বিপাকে তানজিন তিশা
ফ্যাশন ডিজাইনার ও নারী উদ্যোক্তা সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরীর মানহানি, ভুল তথ্য প্রচার ও সাইবার হয়রানির অভিযোগে মডেল ও অভিনেত্রী তানজিন নাহার তিশাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী শুভ্র সিনহা রায়ের চেম্বার থেকে এ নোটিশ পাঠানো হয়।
নোটিশে অভিযোগ করা হয়েছে, গত ২৭ অক্টোবর তানজিন নাহার তিশা তার ভেরিফায়েড ফেসবুক পেজে সানায়া আনামকে নিয়ে আপত্তিকর ছবি ও ভুল তথ্য প্রকাশ করেন।
এতে আরও বলা হয়, গত বছরের ৭ নভেম্বর ফেসবুক মেসেঞ্জারে সানায়াকে ভাইরাল করার হুমকি দিয়েছিলেন তিশা। ওই বার্তায় তিনি লিখেছিলেন, ‘ফেমাস হইলে হইলো, আমি তোমার ছবি আপলোড করে দিবো নে’। পরে সানায়ার ছবি ফেসবুকে প্রকাশ করে তার সম্মানহানি করা হয়েছে বলে নোটিশে দাবি করা হয়।
নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, তিশার পোস্টে দুজনকে বোন হিসেবে উল্লেখ করার মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ও উপহাসের পরিস্থিতি তৈরি হয়েছে। সানায়া একজন ফ্যাশন ডিজাইনার এবং অপরজন নারী উদ্যোক্তা হওয়া সত্ত্বেও তাদের পেশাগত পরিচয় নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করা হয়। অনুমতি ছাড়া ছবি প্রকাশের বিষয়টিকেও সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে নোটিশে।
নোটিশ পাওয়ার দুই দিনের মধ্যে তিশার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সানায়ার সংশ্লিষ্ট সব ছবি ও লেখা সরিয়ে ফেলতে বলা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা পালন না করলে আর্থিক ক্ষতিপূরণ দাবি এবং সাইবার ট্রাইব্যুনালসহ দেশের প্রচলিত আদালতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।