প্রশংসার জোয়ারে ভাসছেন আইপিএস কর্মকর্তা সাই পল্লবী
সাই পল্লবী ধানুশ অভিনীত ‘ওম-চ্যাপ্টার ১: উধিরাম’ সিনেমায় একজন আইপিএস কর্মকর্তার চরিত্রে পর্দায় আসছেন। অভিনেত্রীকে ‘দ্য পারফরমার’ আখ্যা দিয়ে তার অভিনয়ের প্রশংসা করেছেন পরিচালক রাজকুমার পেরিয়াসামি।
সম্প্রতি সিনেমাটিতে তার চরিত্রের প্রথম ঝলক প্রকাশ করা হয়েছে। সিনেমাটিতে সাই পল্লবীর চরিত্রের নাম নিত্যা রেড্ডি। তিনি একজন আইপিএস কর্মকর্তা, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তদন্তের দায়িত্ব নেন।
প্রকাশিত ঝলকে তার বুদ্ধিমত্তা, সাহস ও পেশাদারত্বের পাশাপাশি চরিত্রটির আবেগপূর্ণ দিকও ফুটে উঠেছে। এ ছাড়া ধানুশের সঙ্গে তার কয়েকটি দৃশ্যও দেখা গেছে, যা দুই চরিত্রের সম্পর্ক নিয়ে দর্শকের মনে কৌতূহল তৈরি করেছে।
চরিত্রটির ঝলক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালক রাজকুমার পেরিয়াসামি লেখেন, ‘তিনি! দ্য পারফরমার সাই পল্লবী, আপনি কখনোই বিস্মিত করা বন্ধ করেন না।’ পোস্টে তিনি অভিনেত্রীকে ‘ওম’ সিনেমার নিত্যা রেড্ডি হিসেবে পরিচয় করিয়ে দেন।
সিনেমার গল্পে নিত্যা রেড্ডির পেশাগত অভিজ্ঞতার বিশেষ গুরুত্ব রয়েছে। অল্প বয়সেই তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে ইন্টারপোলের সঙ্গে কাজ করার জন্য তাকে সিবিআইয়ে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়। সততা, বুদ্ধিমত্তা ও অভিজ্ঞতার সমন্বয়ে গড়ে উঠেছে তার চরিত্রটি।
প্রকাশিত ঝলকে নিত্যা রেড্ডিকে প্রকৃতির বিরুদ্ধে সংঘটিত একটি অপরাধের তদন্তে নেতৃত্ব দিতে দেখা যায়। এতে ‘রেড মুন’ নামের একটি বিষয়ও উঠে এসেছে, যা অন্ধ্র প্রদেশের ‘রেড গোল্ড’-এর সঙ্গে সম্পর্কিত বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। এই তদন্তের অভিযানটির নাম রাখা হয়েছে ‘ওম’।
ঝলকটিতে সাই পল্লবী ও ধানুশের দৃশ্যের পাশাপাশি সংগীত পরিচালক সাই অভ্যাঙ্করের আবহসংগীতও বেশ সাড়া ফেলেছে। অ্যাকশন ও রহস্যনির্ভর এই সিনেমার আবহ তৈরিতে সংগীত গুরুত্বপূর্ণ কাজ করেছে।
রাজকুমার পেরিয়াসামি পরিচালিত ‘ওম-চ্যাপ্টার ১: উধিরাম - দ্য ব্লাড উড’ সিনেমায় ধানুশ, মাম্মুত্তি, সাই পল্লবী ও শ্রীলীলা অভিনয় করেছেন। সিনেমাটির সংগীত পরিচালনা, গান গাওয়া ও প্রযোজনার দায়িত্ব পালন করেছেন সাই অভ্যাঙ্কর। এর চিত্রগ্রহণ করেছেন এঝিল আরাসু কে এবং সম্পাদনায় রয়েছেন আর কালাইভানন। এ ছাড়া অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন ইয়ানিক বেন ও কেচা খামফাকদি।
সিনেমাটির চরিত্র পরিচিতির ভিডিওটি তামিল, তেলুগু ও হিন্দি ভাষায় প্রকাশ করা হয়েছে। আইপিএস কর্মকর্তা হিসেবে সাই পল্লবীর নতুন রূপ এবং রহস্যময় তদন্তের প্রেক্ষাপট সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ বাড়িয়ে দিয়েছে।