ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৩৮, ২৮ অক্টোবর ২০২৬
২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ
২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ। ছবি: ডেইলি বাংলাদেশ

২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডসহ বিভিন্ন সময়ে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২৮ অক্টোবর) বিকালে ৪টায় জেলা জামায়াতের উদ্যোগে শহরের কালীবাড়ি মোড়ের মুক্তমঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ড, পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনা এবং ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করেন জামায়াত নেতারা।

জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি কাজী সাইফুল্লাহ, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা নজরুল ইসলাম, পৌর জামায়াতের আমির মাওলানা আ. ম. ম. আব্দুল হক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন ও জেলা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ বিল্লাহসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি নৃশংস ঘটনা। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। রাজনৈতিক পরিচয় যেন কোনো অপরাধের বিচারপ্রক্রিয়ায় বাধা হয়ে না দাঁড়ায়, তা নিশ্চিত করারও দাবি জানান তাঁরা।

তাঁরা আরও বলেন, পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনা এবং ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডেরও নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ন্যায়বিচার নিশ্চিত করতে দ্রুত তদন্ত শেষ করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তাঁরা।

বক্তারা বলেন, দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় অতীতের রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলোর সুষ্ঠু বিচার জরুরি। অপরাধীদের রাজনৈতিক পরিচয় বা অবস্থান বিবেচনা না করে আইনের আওতায় আনতে হবে।

সমাবেশ থেকে উল্লিখিত ঘটনাগুলোর বিচার দ্রুত সম্পন্ন করার দাবি পুনর্ব্যক্ত করেন জামায়াত নেতারা। একই সঙ্গে রাজনৈতিক সহিংসতা বন্ধ, মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান তাঁরা।

সমাবেশে জেলা, উপজেলা ও পৌর পর্যায়ের জামায়াত এবং ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!