হ্যারি কেইনের ব্যালন ডি’অর জিতেই ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত
এক দিন আগেই কিলিয়ান এমবাপ্পে এবং লামিন ইয়ামালদের মতো তারকাদের হারিয়ে ব্যালন ডি’অর জয়ের নজির গড়েন হ্যারি কেইন। সেই ব্যালন ডি’অর জয়ের এক দিন পরই নিজের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বায়ার্ন মিউনিখের সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছেন ইংল্যান্ডের এই তারকা স্ট্রাইকার। বুধবার সকালে ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, ২০২৯ সালের মাঝামাঝি পর্যন্ত বায়ার্নের সঙ্গে চুক্তি করবেন কেইন। খবর গোল ডটকমের।
২০২৩ সালের গ্রীষ্মে টটেনহাম হটস্পার থেকে ৯ কোটি ৫০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বায়ার্ন মিউনিখে যোগ দেন কেইন। জার্মান ক্লাবটির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত। তবে বেশ কিছুদিন ধরেই নতুন চুক্তি নিয়ে কেইন ও বায়ার্নের মধ্যে আলোচনা চলছিল। রোমানোর তথ্য অনুযায়ী, সেই আলোচনায় চূড়ান্ত সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ।
সাম্প্রতিক মাসগুলোতে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সঙ্গে কেইনের নাম জড়িয়ে বেশ কিছু গুঞ্জন ছড়িয়েছিল। তবে সব গুঞ্জন পেছনে ফেলে জার্মানিতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ এই ফরোয়ার্ড।
২০২৩ সালে মিউনিখে পা রাখার পর থেকে বায়ার্নের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন কেইন। ক্লাবটির জার্সিতে এখন পর্যন্ত ১৫৯ ম্যাচে ১৫৬ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৪০ গোল।
সম্প্রতি ব্যালন ডি’অর জিতে ব্যক্তিগত ক্যারিয়ারের অন্যতম বড় স্বীকৃতিও পেয়েছেন ১২৫ ম্যাচে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করা কেইন। সর্বোচ্চ ভোট পেয়ে এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছেন তিনি। পেছনে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামালকে। এবার বায়ার্নের সঙ্গে নতুন চুক্তির মাধ্যমে ক্লাবটিতে নিজের ভবিষ্যৎও নিশ্চিত করতে যাচ্ছেন এই তারকা স্ট্রাইকার।