আজই বিয়ে, মেহেন্দিতে সাজলেন দিয়া মির্জা
১৫ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসছেন দিয়া মির্জা। পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়েই বৈভব রেখির সঙ্গে আনুষ্ঠানিক বিয়ে সারবেন দিয়া। এমন খবর নিয়ে গত সপ্তাহ থেকে জল্পনা শুরু হয়। বিয়ে নিয়ে বেশি তোড়জোড়ও করবেন না। কার্যত চুপিসাড়েই বলিউড অভিনেত্রী দ্বিতীয়বার সাতপাকে বাঁধা পড়বেন বলে খবর পাওয়া যায়।
বিয়ের দিন সকালে নিজের মেহেন্দি রঙা হাতের ছবি শেয়ার করেন দিয়া। দিয়ার মেহেন্দির ছবি প্রকাশ্যে আসতেই অভিনেত্রীর বিয়ে নিয়ে ফের সরগরম হয়ে উঠতে শুরু করে।
বিয়ের আগের রাতে সেলিব্রিটি ম্যানেজার পূজা দাদলানি একটি ছবি শেয়ার করেন। যেখানে দিয়ার সঙ্গে দেখা যায় অভিনেত্রীর হবু বর বৈভব রেখিকে। ওই ছবিতে ‘ওয়েলকাম আওয়ার ক্রেজি ফ্যামিলি দিয়া মির্জা’ বলে ক্যাপশন জুড়ে দেন পূজা।
মুম্বইয়ের পালি হিলের বাসিন্দা বৈভব রেখির সঙ্গে সম্প্রতি সম্পর্কে জড়ান দিয়া মির্জা। লকডাউনের সময় বৈভবের সঙ্গে ডেট করতে শুরু করেন প্রাক্তন মিস ইন্ডিয়া। যদিও বৈভবের সঙ্গে সম্পর্ককে বেশি লাইমলাইটে আসতে দেননি দিয়া।
প্রথম স্বামী সাহিল সঙ্ঘের সঙ্গে বিচ্ছেদের পর এবার দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন দিয়া মির্জা। ২০১৪ সালে সাহিল সঙ্ঘের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন দিয়া। প্রায় ৫ বছর পর সাহিলের সঙ্গে দিয়ার বিচ্ছেদ হয়ে যায়। কী কারণে সাহিলের সঙ্গে বিচ্ছেদ হচ্ছে, সে বিষয়ে দিয়া মির্জা কোনো মন্তব্য করেননি।