ঢাকা,  শনিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

মাগো, কী বিভৎসতা! নোয়াখালীর ঘটনায় সরব অভিনেত্রীরা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৪, ৫ অক্টোবর ২০২০
মাগো, কী বিভৎসতা! নোয়াখালীর ঘটনায় সরব অভিনেত্রীরা
অরুণা বিশ্বাস, নিপুণ, জাকিয়া বারী মম

নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের একটি ভিডিও রোববার সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি প্রশাসনের নজরে আসে এবং একে একে চারজনকে গ্রেফতার করে পুলিশ ও র‍্যাব।

এমন ঘটনায় নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। আর এই প্রতিবাদে শামিল হয়েছেন দেশের চলচ্চিত্র তারকারাও।

এ ঘটনায়  ভীষণ মর্মাহত করেছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাসকে। তিনি প্রতিবাদ জানিয়ে ফেসবুকে লিখেছেন, মাগো, কী বিভৎসতা! ধর্ষণ আবার ধর্ষণ, কী কুৎসিত! কবে থামবে? আরেকটি স্ট্যাটাসে অরুণা বিশ্বাস লিখেছেন, এখন প্রত্যেকটি মেয়ের ত্রিশূল আর রামদা হাতে রাখার সময় এসেছে।

Advertisement

এমন ন্যাক্কারজনক ঘটনার পর বাকরুদ্ধ হয়ে পড়েছেন চিত্রনায়িকা নিপুণ। তিনি লিখেছেন, মা আমি লজ্জিত, আমি বিক্ষুব্ধ, আমি বাকরুদ্ধ।

চিত্রনায়ক জায়েদ খান লিখেছেন, নোয়াখালীর ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এমন নরপশুদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ লজ্জা আমাদের সবার। 

জায়েদ খানের এই স্ট্যাটাসে মন্তব্য করেছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী শবনম পারভীন। তিনি লিখেছেন, প্রতিবাদ জানাই এবং যোগ্য শাস্তি দাবি করছি এই ঘৃণ্য বর্বরোচিত হামলার জন্য।

চিত্রনায়িকা জাকিয়া বারী মমও এ প্রতিবাদ থেকে বাদ যাননি। তিনি লিখেছেন, এই ধর্ষণের দেশ আর চাই না। 

দাম্পত্য কলহের কারণে গত কয়েক মাস ধরে বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নে বাবার বাড়িতে অবস্থান করছিলেন ভুক্তভোগী নারী। স্থানীয় কয়েকজন যুবক তাকে নানাভাবে উত্ত্যক্ত ও অশালীন প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় গত ২ সেপ্টেম্বর রাতে ঘরে ঢুকে ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতন চালায় তারা। এখন পর্যন্ত এ ঘটনায় মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!