ঢাকা,  মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

[ বিনোদন ]

এক সময়ের নায়ক এখন গাউছিয়ায় কাপড় ব্যবসায়ী

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২০:০৩, ৭ সেপ্টেম্বর ২০২০
এক সময়ের নায়ক এখন গাউছিয়ায় কাপড় ব্যবসায়ী
শাহিন আলম

শাহিন আলম। এক সময়ের নায়ক এখন গাউছিয়া মার্কেটের কাপড় ব্যবসায়ী। তবে সিনে দুনিয়াকে বিদায় জানিয়েছিলেন মনের কষ্টে। মেয়ের আত্মহত্যার করণে মনে কষ্ট পান তিনি। আর এরপরেই অভিনয় ছেড়ে হয়ে গেলেন পুরোদস্তুর কাপড় ব্যবসায়ী। 

তখনকার সময় যে ছবিগুলোর কাজ ছিলো শাহিনের হাতে সেগুলো শেষ করেন তিনি। নতুন করে আর কোনো ছবির কাজ হাতে নিলেন না। শেষ তিনি ক্যামেরার সামনে দাঁড়ান রকিবুল আলম পরিচালিত ‘দারোয়ানের ছেলে’ ছবির জন্য। 

শাহিনের বক্তব্য, সিনেমা যখন পরিচালকদের হাত থেকে প্রযোজকদের হাতে চলে গেল, তখন থেকেই সিনেমার অবস্থা খারাপ হতে শুরু করল। এসব দেখেশুনে অভিনয়ের নেশাটা কেটে গেল। আর নেশা না থাকলে পেশায় কতক্ষণ থাকা যায়? প্রায় দেড় শ ছবিতে অভিনয়ের পর শাহিন আলম ব্যবসায় মনোযোগ দেন। অভিনয়ের পাশাপাশি গার্মেন্টসের ব্যবসা করতেন। অভিনয় ছাড়ার পর পুরোপুরি সেখানেই মন দেন। 

তবে গার্মেন্টস ব্যবসায় তেমন সুযোগ করে উঠতে পারেননি শাহিন। তাই রাজধানীর গাউছিয়ায় তাদের পৈতৃক দুটো শোরুম ছিল। অভিনয় ছাড়ার পর এই শোরুমগুলোতে ব্যবসা শুরু করেন নায়ক। 

এদিকে চার বছর অসুস্থ থাকার কারণে এখন শোরুমে তার ভাতিজা বসেন।  সাড়ে তিন বছর ধরে ডায়ালাইসিস চলছে। প্রতি সপ্তাহে তিন দিন সাভারের গণস্বাস্থ্যকেন্দ্রে ডায়ালাইসিসের জন্য যেতে হয় তাকে। তার অসুস্থতার খবর খুব বেশি লোকের জানা নেই। 

শাহিন আলম বললেন, অভিনয় ছাড়ার পর প্রথম দুই বছর অনেকে যোগাযোগ করত। যখন সবাই জেনে গেল, অভিনয় ছেড়ে দিয়েছি, তখন আর তেমন কেউ যোগাযোগ করে না। 

কেউ কেউ তাকে বলেছেন, চিকিৎসার সহযোগিতার জন্য শিল্পী সমিতির সঙ্গে যোগাযোগ করতে। কিন্তু শাহিন আলম তা করেননি। সরকারের কাছ থেকে চিকিৎসা সহায়তা নেয়ার জন্যও তদবির করেননি। অথচ তিনি গুরুতর অসুস্থ।

এ ব্যপারে শাহিন আলম বললেন, আমার মনে হয়েছে, যারা দুস্থ, আমার চেয়েও যাদের বেশি প্রয়োজন, তারা যাক। এত দিন আল্লাহ একভাবে চালিয়ে নিয়েছেন। সহায়তার কথা ভাবিনি। কিন্তু করোনায় ব্যবসার অবস্থা খারাপ। এখন চাইছি সরকার আমাদের দিকে তাকাক। ছোট বোন তাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। করোনার সময়ও তাকে পাশে পেয়েছেন। গুলশানের নিকেতনে নিজের ফ্ল্যাটে থাকেন শাহিন আলম। স্ত্রী ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া একমাত্র ছেলেকে নিয়ে তার সংসার।

শাহিন আলম অভিনীত উল্লেখযোগ্য ছবি ‘ঘাটের মাঝি’, ‘এক পলকে’, ‘প্রেম দিওয়ানা’, ‘চাঁদাবাজ’, ‘প্রেম প্রতিশোধ’, ‘টাইগার’, ‘রাগ-অনুরাগ’, ‘দাগি সন্তান’, ‘বাঘা-বাঘিনী’, ‘স্বপ্নের নায়ক’, ‘আরিফ লায়লা’, ‘আঞ্জুমান’, ‘অজানা শত্রু’, ‘গরিবের সংসার’, ‘দেশদ্রোহী’, ‘আমার মা’, ‘পাগলা বাবুল’, ‘তেজী’, ‘শক্তির লড়াই’, ‘দলপতি’, ‘পাপী সন্তান’, ‘ঢাকাইয়া মাস্তান’, ‘বিগবস’, ‘বাবা’, ‘বাঘের বাচ্চা’, ‘বিদ্রোহী সালাউদ্দিন’, ‘তেজী পুরুষ’ ইত্যাদি।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!