‘রিয়াকে যৌন হেনস্থা করতো সুশান্তের বোন’
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় ভক্তরা তার প্রেমিকা রিয়া চক্রবর্তীর কাছ থেকে সব সত্য ঘটনা জানতে চান। তবে এই ঘটনায় দিন যতই যাচ্ছে একের পর এক বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য।
সুশান্তের ঘটনার পর থেকে উঠে এসেছে বলিউডের অন্ধকার দিকও। সেখানে মাদক আর মাফিয়াদের কতটা বিচরণ তাও প্রকাশ পাচ্ছে প্রতিনিয়ত। সুশান্তের মৃত্যুর পর যার দিকে সন্দেহের তীর তিনি আর কেউ নন তার বান্ধবী বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। নিয়মিতই তার বান্ধবীকে নিয়ে বেরিয়ে আসছে নানা তথ্য।
সুশান্ত ভক্তদের রোষের মুখে পড়েন রিয়া। তাকে দেয়া হয় ধর্ষণের হুমকিও। যার ফলে বাড়িতে পুলিশ মোতায়েন করতে হয়। রিয়াকে নিয়ে সমালোচনা চলছে বলিউডের অন্দরেও। বেশ করেকজন তারকা তো রিয়ার ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন।
চারদিক থেকে রিয়া যখন বেশ চাপে তখন মুখ খুললেন তার অভিনেত্রী বান্ধবী শিবানি দান্ডেকর। ভারতীয় গণমাধ্যকে তিনি বলেন, সুশান্তের পরিবার শুরু থেকেই মেনে নিতে পারেনি রিয়াকে। এমনকি সুশান্তের বোন রিয়াকে যৌন হেনস্থাও করেছেন। রিয়া নিজেই তাকে ঘটনার দিন এ কথা জানান।
রিয়া মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছেন অভিযোগ করে শিবানি বলেন, এটা সবার জন্য লকডাউনের মজা। আপনারা যদি সত্যিই সুশান্তের জন্য জাস্টিস চান তাহলে তদন্ত কর্মকর্তাদের তাদের কাজ করতে দিন। দয়া করে রিয়া ও তার পরিবারকে একা ছেড়ে দিন।
এদিকে, যে মৃত্যু নিয়ে এত জলঘোলা তার রহস্য কিন্তু এখনো কাটেনি। সুশান্ত আত্মহত্যা করেছেন নাকি পরিকল্পিত হত্যা তা এখনো পরিস্কার নয়। তদন্ত সংশ্লিষ্ট এক সিবিআই কর্মকর্তা জানিয়েছেন, সুশান্তকে হত্যা করা হয়েছে এমন কোনো প্রমাণ এখনো তাদের হাতে লাগেনি। তাদের ধারণা এটি আত্মহত্যা। তবে তদন্ত শেষ না হওয়ার আগে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে রাজি নন তারা।