ঢাকা,  শনিবার   ১৪ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

হঠাৎই ফলোয়ার বাড়ছে রিয়ার, ট্রেন্ড হচ্ছে #জাস্টিস ফর রিয়া, কেন?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৩৬, ৩১ আগস্ট ২০২০
হঠাৎই ফলোয়ার বাড়ছে রিয়ার, ট্রেন্ড হচ্ছে #জাস্টিস ফর রিয়া, কেন?
রিয়া চক্রবর্তী

নেটাগরিকদের কাঠগড়ায় অঘোষিত ‘ভিলেন’ রিয়ার জন্য ন্যায়বিচার চাইছে কারা? ‘#জাস্টিসফর সুশান্তের’ পাশাপাশি কেনই বা সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হচ্ছে #জাস্টিস ফর রিয়া-ও! টুইটারেও তার অনুরাগীর সংখ্যা দু’দিনে বেড়েছে।

ঘটনার শুরুটা কয়েকদিন আগে থেকেই। দীর্ঘ নীরবতা ভেঙে তিন-চারটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে মুখ খুলেছিলেন রিয়া। উত্তর দিয়েছিলেন অনেক না জানা প্রশ্নের। সুশান্তের সঙ্গে তার ইউরোপ ট্রিপ থেকে শুরু করে মহেশ ভট্টের সঙ্গে সম্পর্ক সবই বলেছেন তিনি। আর তাতেই নেটাগরিকদের একাংশের মনে রিয়ার বিরুদ্ধে পুঞ্জীভূত রাগ-অভিমানের পাহাড় গলতে শুরু করেছে।

তারা বলছেন, সত্যিই তো এভাবে ভেবে দেখিনি! তিনটি কেন্দ্রীয় সংস্থার রায়দানের আগেই কী করেই বা একজনকে দোষী তকমা দিয়ে দিতে পারি? আর একজনের প্রশ্ন, সুশান্তের প্রেমিকা ছিলেন রিয়া। আর এই সমাজে সব দোষ তো প্রেমিকাদেরই হয়ে থাকে তাই না। রিয়া দোষী কি নির্দোষ তা আমরা বিচার করবার কে? আইন নিজের হাতে নেয়ার অধিকার কে দিয়েছে আমাদের?

এক সাক্ষাতকারে কথা বলতে বলতে কেঁদে ফেলেছিলেন রিয়া। সেই ভিডিও শেয়ার করে আর একজন নেটাগরিক লিখছেন, সুশান্তের ন্যায়বিচার যেমন চাই আমরা, তোমারও ন্যায়বিচার চাই। আজ পর্যন্ত সিবিআই থেকে মুম্বাই পুলিশ যে যখন ডেকেছে তুমি গিয়েছ। যদি দোষী হও, কঠিন শাস্তি হোক তোমার। কিন্তু সত্যি যদি নির্দোষ হও যে পরিমাণ মানসিক চাপের মধ্যে দিয়ে তোমাকে প্রতিদিন যেতে হচ্ছে তার জন্য আমি সবার তরফ থেকে ক্ষমা চাইছি।

একাংশের বক্তব্য, রিয়া সফ্ট টার্গেট, তাকে অপদস্থ করা যাচ্ছে সহজেই, কিন্তু রিয়ার উপর এই একবজ্ঞা রাগের বহিঃপ্রকাশের ফলে কি কোথাও গিয়ে আড়ালে চলে যাচ্ছে আসল অপরাধীরা?

কিন্তু মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়ায় রায় বের হওয়ার আগেই রিয়াকে দোষী ভেবে ফেলে চরিত্র, পরিবার নিয়ে যে কুৎসিত আক্রমণ গত দু’মাস ধরে চলে আসছে, এই নতুন ট্রেন্ডে তাতে কোথাও গিয়ে ভাঁটা পড়ল কি? নীরবতা ভেঙে কি তবে ঠিকই করেছেন বাঙালি মেয়ে?

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!