প্রকাশ্যে এলো বারী সিদ্দিকীর গাওয়া শেষ গান
জনপ্রিয় লোকসংগীত শিল্পী বারী সিদ্দিকীর গান দিয়ে ২০১৬ সালে শুরু হয় ‘ঢাকা ড্রিম’ ছবির কাজ। এর পরের বছরই না ফেরার দেশে পাড়ি জমান এই সংগীতশিল্পী। তার মৃত্যুর তিন বছর পর প্রকাশ্যে এলো সেই ছবির গান। গানের শিরোনাম ‘একদিন আমারও ছিল ঘর’।
নির্মাতা প্রসূন রহমান পরিচালিত ‘ঢাকা ড্রিম’ ছবির এই গানটি সুর-সংগীত করেছেন কুমার বিশ্বজিৎ। ‘একদিন আমারও ছিল ঘর, আমার ছিল ঘর/ নদীর স্রোতে ভাইঙা নিলো, ভাঙিলো অন্তর...’ কথার এই গানটি লিখেছেন নির্মাতা প্রসূন রহমান নিজেই। বাংলাঢোলের ইউটিউব চ্যানেলসহ ৫টি অ্যাপে গানটি উন্মুক্ত হয়েছে।
গানের সংগীত পরিচালক কুমার বিশ্বজিৎ বলেন, আমার অনেক গানে রয়েছে বারী সিদ্দিকীর বাঁশি। তার সুরে বেশ কিছু গানও গেয়েছি। আমাকে মামা বলে সম্বোধন করতেন তিনি। ইচ্ছে ছিলো, আমার সুরে অন্তত একটি গান তাকে দিয়ে গাওয়াবো। এটাই সেই গান। আরো একটি গানে তার কণ্ঠ দেয়ার কথা ছিলো। কিন্তু তা আর হয়নি। পরবর্তীতে সেই গান গেয়েছেন তারই কন্যা এলমা।
নির্মানা প্রসূণ রহমান জানান, বারী সিদ্দিকীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ‘ঢাকা ড্রিম’ ছবিটি তার নামে উৎসর্গ করা হয়েছে। শিগগিরই এটি মুক্তি দেয়া হবে। ছবির বিভিন্ন চরিত্রে অভিয়ন করেছেন ফজলুর রহমান বাবু, মুনীরা মিঠু, জয়িতা মহালনবীশ, শাহাদাৎ হোসেন, শাহরিয়ার ফেরদৌস সজীব, সুজাত শিমুলসহ অনেকে।