শুটিংয়ে ফিরেছেন শাহনাজ খুশি
জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি চার মাস ঘরবন্দী সময় কাটিয়ে বৃহস্পতিবার ‘নসু ভিলেন’র সিক্যুয়ালের শুটিংয়ে যোগ দেয়ার আগে সড়ক দুর্ঘটনার শিকার হন। এ ঘটনায় তার গাড়ি দুমড়ে মুছড়ে গিয়েছে, তবে কারো কোন ক্ষতি হয়নি। এই ঘটনার পরেও ভয় কাটিয়ে শুটিংয়ে যোগ দিয়েছেন অভিনেত্রী।
জানা গেছে, ‘নসু ভিলেন’র সিক্যুয়ালের শাহনাজ খুশির বিপরীতে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। যথারীতি নাটকটি রচনা করেছেন বৃন্দাবন দাস। আগামী ঈদে এটিএন বাংলায় প্রচারের জন্য সাত পর্বের এই ধারাবাহিক নাটকটি নির্মাণ করছেন সাগর জাহান।
শাহনাজ খুশির শুটিয়ে যোগ দেয়ার বিষয়ে তার সহ-অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, শাহনাজ খুশির গাড়িটা যেভাবে অ্যাকসিডেন্ট হয়েছে ওইভাবে, ওর বেঁচে ফেরারই কথা না। সে জায়গা থেকে একটা ট্রমায় চলে যায় মানুষ। সে ট্রমা থেকে ফিরতেই ২ থেকে ৬ মাস লাগে। তারপরও চ্যানেল, পরিচালক, প্রযোজকের কথা চিন্তা করে শুটিংয়ে এসেছে।
চঞ্চল আরো বলেন, শনিবার সকালে শুটিং করতে পুবাইলে আসেন খুশি। দুপুর পর্যন্ত সে বিশ্রাম নিয়েছে। দুপুর তিনটার আগে সে ফ্রেশ হয়ে শট দিয়েছে।
শাহনাজ খুশি বলেন, আমি আসলে কথা বলার পরিস্থিতিতে নেই। গাড়ির কাঁচ ভেঙ্গে হালকা আহত হয়েছি। শারীরিকভাবে আঘাত না পেলেও মানসিকভাবে খুব খারাপ অবস্থায় আছি।
শাহনাজ খুশি ও চঞ্চল চৌধুরী ছাড়াও ‘নসু ভিলেন’ সিরিজের এই ধারাবাহিকে আরো অভিনয় করছেন আ খ ম হাসান, আরফান আহমেদ, অপর্ণা ঘোষ ও তানজিকা আমিনসহ অনেকে।