ঢাকা,  রোববার   ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

এক মিজু মিয়াই কখনো জাহাজের মাস্টার, কখনো ক্যাপ্টেন

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৪, ১০ মে ২০২০
এক মিজু মিয়াই কখনো জাহাজের মাস্টার, কখনো ক্যাপ্টেন
প্রতারক মিজু মিয়া

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সায়েদ মিয়ার ছেলে মিজু মিয়া, ১৫ বছর ধরে থাকেন চট্টগ্রামে। নিজেকে কখনো জাহাজের মাস্টার, কখনো জাহাজের ক্যাপ্টেন পরিচয়ে গড়েছেন প্রতারণার জাল। হাতিয়ে নিয়েছেন মোটা অংকের টাকা।

কথায় আছে ‘চোরের দশদিন, গেরস্থের একদিন’। মিজু মিয়ার বেলায়ও তার ব্যতিক্রম হয়নি। শনিবার রাতে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকা থেকে আটকের পর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করে স্থানীয়রা।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, শনিবার রাতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা স্বীকার করেছেন মিজু মিয়া। নিজে গোপালগঞ্জের বাসিন্দা হওয়ায় চট্টগ্রামেও তার টার্গেট ছিল গোপালগঞ্জের লোকজন। প্রথমে ভালো সম্পর্ক গড়তেন। এরপর জাহাজের নানা দামি আসবাব পাইয়ে দেয়ার কথা বলে হাতিয়ে নিতেন মোটা অংকের টাকা। টাকা হাতে পেয়েই নিরুদ্দেশ হতেন মিজু মিয়া।

ওসি আরো বলেন, গত বছরের আগস্ট মাসে নিজেকে জাহাজের মাস্টার পরিচয় দিয়ে সেগুন কাঠ, বিদেশি টিভি, ফ্রিজ, লেটেস্ট মডেলের আইফোন, ল্যাপটপ পাইয়ে দেয়ার কথা বলে শাহীন মোল্লা নামে এক শিক্ষার্থীর সঙ্গে দুই লাখ টাকায় চুক্তি করেন মিজু মিয়া। অগ্রিম হিসেবে তখন এক লাখ টাকা বুঝে নিয়ে বাকি এক লাখ টাকা মালামাল ডেলিভারির সময় নেয়ার কথা থাকলেও এরমধ্যেই বরাবরের মত নিরুদ্দেশ হয়ে যান তিনি।

ওসি মহসীন বলেন, মিজু মিয়া ছাড় দেননি পুলিশকেও। নগর পুলিশের দুই সদস্যের সঙ্গেও একইভাবে প্রতারণা করেছেন তিনি। তার বিরুদ্ধে প্রতারণা মামলা করে রোববার আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!